নেটফ্লিক্সের টুডুম ইভেন্টে যোগ দিতে ব্রাজিল গেলেন আলিয়া
আলিয়া ছাড়াও শতাধিক তারকা অংশ নিচ্ছেন নেটফ্লিক্সের এই আয়োজনে।
বলিউড তারকা আলিয়া ভাটকে সশরীরে দেখার সুযোগ পাচ্ছেন ব্রাজিলের ভক্ত-দর্শকরা। এই শনিবার সাও পাওলোতে নেটফ্লিক্সের টুডুম ইভেন্টে যোগ দিচ্ছেন এই অভিনয়শিল্পী।
বৃহস্পতিবার কলকাতার দ্য টেলিগ্রাফ অনলাইন জানিয়েছে, নেটফ্লিক্সের নিজস্ব প্রযোজনা ‘হার্ট অব স্টোন’ সিনেমায় কাজ করার সুবাদে এই অভিনেত্রী টুডুম ইভেন্টে যোগ দেবেন, সঙ্গী হবেন সিনেমায় তার সহকর্মী গাল গাডোট ও জেমি ডোরনান।
আলিয়া ভাট নিজের ইনস্টাগ্রাম পেইজে বহস্পতিবার নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “নো হার্ট অব স্টোন হেয়ার ... জাস্ট ওয়ান ফিলড উইথ লাভ ... এনরুট #টুডুম #সাও পাওলো।”
নেটফ্লিক্সের ২০২৩ টুডুম ইভেন্টে শতাধিক তারকার উপস্থিতি আশা করা হচ্ছে এবং স্ট্রিমিং প্ল্যাটফরমটি জানিয়ছে ৪৫টিরও বেশি ধারাবাহিকের এমন সব কনটেন্ট প্রদর্শন করা হবে সেখানে যা আগে কখনই প্রদর্শিত হয়নি। দুই ঘণ্টার এই ইভেন্ট ইউটিউব ও ইনস্টাগ্রামে সরাসরি স্ট্রিমিং করা হবে।
নেটফ্লিক্সের তিন দিনের এই উৎসব আয়োজনে উপস্থিত হবেন ‘স্ট্রেনজার থিংস’ ধারাবাহিকের পুরো দল, ‘ওয়েডনেসডে’র তারকা জেনা ওরতেগা, হান্টার ডুহান, এমা মেয়ারস ও জয় সানডে। আরও থাকবেন ‘কোবরা কাই’য়ের রালফ ম্যাকিও ও উইলিয়াম জাবকা, এবং ‘এক্সট্র্যাকশন ২’ এর তারকা ক্রিস হেমসওর্থ।
