সত্যজিতের ‘নায়ক’ হবেন দেব?
‘নায়ক’ ঠিক কথাকথিত ‘রিমেক’ করা হবে না, সিনেমার মূলভাবনায় হাত না দিয়ে নতুন গল্প সাজানো হবে।
ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ‘মহানায়ক’ পুরস্কার পাওয়া দীপক অধিকারী দেব আগামীতে ‘মহানায়ক’ হয়ে আসতে পারেন পর্দায়।
টালিগঞ্জে খবর উড়ছে, সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমার আদলে নতুন একটি সিনেমা আসতে চলেছে, আর তাতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করবেন দেব।
আনন্দবাজার জানিয়েছে, পরিচালক রামকমল মুখোপাধ্যায় ‘নায়ক’ তৈরি করবেন। তবে ‘নায়ক’ ঠিক কথাকথিত ‘রিমেক’ হবে না। সিনেমার মূলভাবনায় হাত না দিয়ে নতুন গল্প সাজানো হবে। সত্যজিৎপু্ত্র সন্দীপ রায় এর মাঝে দেবের সঙ্গে একদফা কথাবার্তাও বলেছেন সিনেমা নিয়ে।
নির্মাতা রামকলম রায় এখনই ‘নায়ক’ নিয়ে কোনো তথ্য জানাতে নারাজ। আনন্দবাজারকে তিনি বলেছেন, ‘বিনোদিনী’ সিনেমার পোস্ট প্রোডাকশন নিয়ে তিনি ব্যস্ত। তবে নাম উল্লেখ না করে রামকমল জানিয়েছে, নতুন একটি কাজ নিয়েও তিনি চিন্তাভাবনা শুরু করেছেন।
সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় ‘নায়ক’ নিয়ে দেবের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চলতি বছরে দেবের তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। আগামী মাসে হলে মুক্তি পাবে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। পূজায় আসছে ‘বাঘাযতীন’ আর বড়দিনে মুক্তি পাবে ‘প্রধান’। এছাড়া সৃজিত মুখার্জির নতুন একটি সিনেমাতেও দেব থাকছেন বলে জানিয়েছেন কদিন আগে।
সত্যজিৎ রায়ের ‘নায়ক’ মুক্তি পায় ১৯৬৬ সালে, যে সিনেমায় নির্মাতা ফাঁস করেছিলেন একজন নায়ক- সুপারস্টারের ভেতরের জগৎ। প্রশংসা, গ্ল্যামার, ব্যস্ততার আড়ালে তারকাজীবনের অন্তরালের যাতনা দর্শকের সামনে তুলে ধরেন সত্যজিৎ।
সিনেমায় উত্তম কুমার হয়েছিলেন একজন সুপারস্টার, যার নাম অরিন্দম মুখোপাধ্যায়। যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে রওনা হন রেলগাড়িতে, কারণ বিমানের টিকেট পাননি। কামরায় পরিচয় হয় অদিতি সেনগুপ্ত নামের এক নারীর সাংবাদিকের সঙ্গে, যে চরিত্র করেছিলেন শর্মিলা ঠাকুর।
একজন নায়কের পর্দার পেছনের জীবন জানতে সেই সাংবাদিক ছিলেন দারুণ কৌতুহলী। ভিড়ভাট্টাহীন রেলগাড়ির কামরার ভিন্ন পরিবেশে অচেনা তরুণীর প্রশ্নের পর প্রশ্নে অরিন্দমকেও ‘কথায়’ পেয়ে বসে। মনের আগল খুলে নায়ক বলতে থাকেন তার ভয়-নিঃসঙ্গতা-প্রতিযোগিতার নেশা, লোভ, অপরাধবোধ আর অনুতাপের কথা।
সত্যাজিতের ‘নায়ক’ ১৯৬৬ সালে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে জিতেছিল একাধিক পুরস্কার। ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ডের’ পাশাপাশি ‘শ্রেষ্ঠ ফিচার ফিল্ম’ এবং ‘শ্রেষ্ঠ কাহিনী ও চিত্রনাট্য’ বিভাগেও পুরস্কার জেতে। এছাড়া পরের বছর ভারতেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সিনেমাটি।
