২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

সুন্দর দেখানোর চেয়ে ভালো থাকা জরুরি: কটাক্ষের জবাবে ক্যাটরিনা

ক্যাটরিনা বলেন, “পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাই। এই ব্যাপারটি নিজেকে ঠিক রাখতে সহায়তা করে, ভারসাম্য ঠিক রাখে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 02:27 PM

Updated : 23 Sep 2026, 02:27 PM

তারকাদের চেহারা, বয়স কিংবা ওজন নিয়ে আলোচনা ও কটাক্ষ নতুন নয়। বিশেষ করে সন্তান জন্মদানের পর অভিনেত্রীদের নিয়ে নেতিবাচক মন্তব্য শুরু হয়।

এ ধরনের ঘটনার শিকার হয়েছেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি মুম্বাইয়ে গণেশ উৎসবের অনুষ্ঠানে উপস্থিত হওয়া অভিনেত্রীর কিছু ছবি ও ভিডিও সমানে আসে। এরপর থেকে শুরু হয় তার শরীর নিয়ে নানা মন্তব্য।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সমালোচনার জবাবও এসেছে ক্যাটরিনার কাছ থেকে।

তিনি বলেন, “সুন্দর দেখানোর চেয়ে ভালো থাকা এখন বেশি জরুরি।”

তার কথায়, তিনি মনে করেন বাইরে থেকে সুন্দর বা ভালো দেখানোটাই বড় কথা নয়। গুরুত্বপূর্ণ হল ভেতর থেকে ভালো থাকা।

নিজেকে অভিনেত্রী কীভাবে সামলাচ্ছেন জানতে চাইলে ক্যাটরিনা বলেন, তিনি মানসিক ও শারীরিক সুস্থতাকে গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি ত্বকেরও যত্ন নিচ্ছেন।

ক্যাটরিনা বলেন, “পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাই। এই ব্যাপারটি নিজেকে ঠিক রাখতে সহায়তা করে, ভারসাম্য ঠিক রাখে।”

সিনেমার সেট, লালগালিচা কিংবা ব্যবসায়িক বৈঠকের বাইরে পরিবারের সদস্যদের সান্নিধ্য তাকে ভালো রাখতে সাহায্য করে বলেও ভাষ্য ক্যাটরিনার।

গেল বছর ৪২ বছর বয়সে প্রথম সন্তান ভিহান কৌশলের মা হন ক্যাটরিনা কাইফ।

বলিউডের আলোচিত তারকা দম্পতিদের একজন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা।

তার পর থেকে তাদের দাম্পত্য, ছুটির ছবি, একসঙ্গে উপস্থিতি—সবকিছুই বারবার খবরের শিরোনাম হয়েছে।

এদিকে ক্যাটরিনাকে নিয়ে করা সমালোচনার জবাব দিয়েছেন অভিনেতা সালমান খানসহ অনেকে।

সালমান বলেন, কাউকে ছোট করে বা অপমান করে যদি কেউ কথা বলেন, তাহলে তাতে সেই ব্যক্তির মানসিকতার পাশাপাশি তার পারিবারিক শিক্ষারও প্রকাশ ঘটে।

মানুষের চেহারা, ওজন, পরিবার, ক্যারিয়ারে ব্যর্থতা কিংবা ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কটাক্ষ করার আগে ভাবা উচিত বলে ভাষ্য সালমানের।

তিনি বলেন, কেউ অন্তঃসত্ত্বা হলে তাকে কেন ট্রল করা হবে, তা নিয়ে ভেবে পাচ্ছেন না।

সালমান বলেন, “সন্তান ধারণের পর সবাই কিছুটা ওজন বাড়ায়। অন্তঃসত্ত্বা ছিলেন, তাই ওজন বেড়েছে। আবার সিনেমায় ফিরলে ফিট হয়ে যাবেন। তিনি (ক্যাটরিনা কাইফ) পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছেন।”

ক্যাটরিনার প্রসঙ্গ ছাড়িয়ে সালমান নিজের বয়স ও চেহারা নিয়েও কথা বলেন। দীর্ঘ ক্যারিয়ারে তার চেহারার পরিবর্তন নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি বলে মন্তব্য করেন সালমান।

৬০ বছর বয়সে এসে তাকে আগের মত তরুণ দেখাবেন, এমন প্রত্যাশার সমালোচনা করে তিনি বলেন, “বুড়ো হয়ে গেছি, অবশ্যই ৬০ বছর বয়স হয়েছে। সব সময় তো ‘ম্যায়নে পেয়ার কিয়া’র মত থাকতে পারবেন না।”