২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শুভ জন্মদিন সুখী মানুষ’

“আমার একটাই চাওয়া, মানুষের এই ভালোবাসা যেন চিরদিন পাই,”- বলেন ফজলুর রহমান বাবু।

‘শুভ জন্মদিন সুখী মানুষ’

স্ত্রী কাজী রুকসানার সঙ্গে ফজলুর রহমান বাবু

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 09:47 PM

Updated : 22 Aug 2022, 11:52 PM

মাঝরাতের আগেই ফেরার কথা থাকলেও সময় পেরিয়ে প্রথম প্রহরটিও যখন যায়যায় তখনই মোবাইল ফোনে বার্তা আসে, “শুভ জন্মদিন সুখী মানুষ।”

সোমবার ৬৩ বছরে পা রেখেছেন মঞ্চ হয়ে টিভি নাটক ও বড় পর্দায় খ্যাতি কুড়ানো অভিনেতা ফজলুর রহমান বাবু।

সোমবার দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্ত্রী কাজী রুকসানা রুমা আগেই বলে দিয়েছিলেন, রাত ১২টার আগে বাসায় ফিরতে হবে। কিন্তু সেই কথা রাখতে পারেননি।

ঘড়ির কাঁটা রাত আড়াইটার ঘরে পৌঁছালে মোবাইল ফোনে স্ত্রী মেসেজ পাঠান, “শুভ জন্মদিন সুখী মানুষ। রাত আড়াইটা বাজে। তোমার জন্য এইমাত্র ইলিশ মাছ রান্না করে বসে আছি। কেক কাটব।

“তোমার প্রিয় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, তাড়াতাড়ি শুটিং শেষ করে বাসায় আসো। ইতি তোমার বউ।”

জন্মদিন উদযাপনের জন্য যে কেকটি রাখা হয়েছে, তার ওপরেও লেখা ‘শুভ জন্মদিন সুখী মানুষ।’

বাবু বলেন, “আমার স্ত্রী কিছুটা বিরক্ত হয়েই মজা করে কথাগুলো লিখেছে। আমি শুটিং সেটে কয়েক দিন ধরেই ব্যস্ত আছি। জন্মদিনের আগে বলে গিয়েছিলাম রাত ১২টার আগেই ফিরব।

“কিন্তু ফিরতে পারিনি। তাই অভিমানে এ কথাগুলো লিখেছে।”

মঞ্চনাটকে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরুর পর টিভি নাটক, সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন এ অভিনেতা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

কাজের দায়বদ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, “টিমের সাথে কাজ করলে তো নিজেরটা ভাবলে চলে না। ‘জামদানি’ সিনেমায় শুটিংয়ের জন্য আগেই শিডিউল দেওয়া ছিল।

“এখন হুট করে তো শুটিং বাতিল করে দিয়ে চলে আসতে পারি না। এজন্য শেষ রাতে বাসায় ফিরে কেক কেটেছি। আবার সকাল ৭টায় শুটিংয়ে রওনা করেছি।

“এর মাঝে গাড়িতেই ঘুমিয়ে নিয়েছি। এখন হোতাপাড়া শুটিং সেটেই কাটছে জন্মদিন।”

জন্মদিনে প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি বলেন, “মানুষের ভালোবাসা পেয়েছি। এর চেয়ে বড় প্রাপ্তি মনে হয় না আর কিছু আছে। আমার একটাই চাওয়া, মানুষের এই ভালোবাসা যেন চিরদিন পাই।”