২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লম্বি জুদাই’ খ্যাত অভিনেত্রী মধু মালহোত্রার প্রয়াণ

ক্যারিয়ার ছোট-বড় সব সিনেমায় তৃতীয় চরিত্রের বাইরে যেতে পারেননি মধু মালহোত্রা।

‘লম্বি জুদাই’ খ্যাত অভিনেত্রী মধু মালহোত্রার প্রয়াণ
মধু মালহোত্রা

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 05:14 PM

Updated : 10 Sep 2026, 12:47 PM

গত শতকের আশি থেকে নব্বই দশকে হিন্দি সিনেমায় সাড়াজাগানো সব পার্শ্বচরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন। 

৭২ বছর বয়সী এই অভিনেত্রী গত ১৩ মার্চ মুম্বাইয়ে মারা যান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।  

মধু কখনো মূল চরিত্রে অভিনয়ের সুযোগ না পেলেও বেশকিছু ব্লকবাস্টার সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছিলেন। 

তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি খ্যাতি এনে দেয় ১৯৮৩ সালে মুক্তিপাওয়া সুভাষ ঘাইয়ের হিট অ্যাকশন-রোমান্স ঘরানার ‘হিরো’ সিনেমা। সিনেমার রেশমার গাওয়া ‘লম্বি জুদাই’ গানে ঠোঁট মিলিয়েছিলেন মধু মালহোত্রা।  

‘হিরো’ সিনেমায় জ্যাকি শ্রফ এবং মিনাক্ষি শেষাদ্রি অভাবনীয় সাফল্য পেলেও ‘লম্বি জুদাই’ গানে গ্রাম্য নারীর ভূমিকায় মধুর উপস্থিতি এখনো অনেকেই ভুলতে পারেন না।  

‘হিরো’ সিনেমায় ‘লম্বি জুদাই’ গানের দৃশ্যে মধু মালহোত্রা

‘হিরো’ সিনেমায় ‘লম্বি জুদাই’ গানের দৃশ্যে মধু মালহোত্রা

১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত রাজ এন সিপ্পির অ্যাকশন কমেডি ‘সাত্যে পে সাত্যা’ সিনেমার অন্যতম নারী চরিত্র ছিলেন মধু মালহোত্রা। এই সিনেমার মূল চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও হেমা মালিনী। 

১৯৭৫ সালের হরোর সিনেমা ‘আন্ধেরা’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন মধু মালহোত্রা। মূলধারার হিন্দি সিনেমায় তার প্রথম অভিনয় ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য গ্রেট গ্যাম্বলার’ এ। 

শক্তি সামন্ত পরিচালিত ক্রাইম-অ্যাকশন ঘরানার এই সিনেমায় মধু ছিলেন নায়ক জয় চরিত্রে অভিনয় করা অমিতাভের বোন। 

সুভাষ ঘাইয়ের বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন মধু। যার মধ্যে আরেকটি অন্যতম সিনেমা ১৯৮০ সালের ‘কর্জ’। ঋষি কাপুর, সিমি গারেওয়াল এবং টিনা মুনিমের মতো তারকা ছিলেন এই সিনেমায়। মধু অভিনয় করেছিলেন ‘পিংকি’ চরিত্রে। 

‘হিরো’ সিনেমার আগে মধু মালহোত্রা ১৯৮১ সালে জে ওম প্রকাশের রোমান্টিক ‘আস পাস’ সিনেমায় প্রেম চোপড়ার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিনেমার মূল চরিত্রে ছিলেন ধর্মেন্দ্র এবং হেমা মালিনী। 

সঞ্জীব কাপুরের সঙ্গে মধু মালহোত্রা ‘বদ অর বদনাম’ সিনেমায়

সঞ্জীব কাপুরের সঙ্গে মধু মালহোত্রা ‘বদ অর বদনাম’ সিনেমায়

ক্যারিয়ার ছোট-বড় সব সিনেমায় তৃতীয় চরিত্রের বাইরে যেতে পারেননি মধু মালহোত্রা। 

তিনি ১৯৯২ সালে হরমেশ মালহোত্রার ‘হির রাঞ্জা’ সিনেমায় অনিল কাপুরের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে শ্রীদেবী ‘হির’ চরিত্রে অভিনয় করেছিলেন। 

পরের বছর রাকেশ রোশনের অ্যাকশন কমেডি ‘কিং আঙ্কেল’ এ মিসেস মালিকের চরিত্রে অভিনয় করেছিলেন মধু। এই সিনেমার মূল চরিত্রে ছিলেন শাহরুখ খান, জ্যাকি শ্রফ এবং নাগমা। 

মধু ১৯৯৮ সালে বিক্রম ভাট পরিচালিত এবং আমির খান ও রানি মুখার্জি অভিনীত ‘গুলাম’ এও অভিনয় করেছেন। 

এই অভিনেত্রীকে সবশেষ দেখা গেছে মোহন বাকরির ‘ওহ বেওয়াফা থি’ (২০০০) সিনেমায়। এখানে মূল চরিত্রে ছিলেন অন্নপূর্ণা এবং সুদেশ বেরি।