১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফুটবল জার্সিতে প্রকাশ্যে এল আলিয়া-রণবীরের মেয়ের নাম

নাম রেখেছেন রণবীরের মা নীতু কাপুর।

ফুটবল জার্সিতে প্রকাশ্যে এল আলিয়া-রণবীরের মেয়ের নাম

রণবীর কাপুর ও আলিয়া ভাট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2022, 11:49 PM

Updated : 25 Nov 2022, 04:52 PM

আলিয়া ভাট আর রণবীর কাপুরের মেয়ের নাম কী, তা নিয়ে এতদিনের জল্পনার অবসান ঘটল। মা আলিয়া জানালেন, মেয়ের নাম রেখেছেন রাহা।  

নাম প্রকাশ্যে আনার পাশাপাশি স্বামী রণবীরের সঙ্গে সন্তানের ছবিও প্রথমবারের মতো শেয়ার করেছেন এ অভিনেত্রী।

বলিউডের এই তারকা দম্পতির কোলজুড়ে প্রথম সন্তান আসে গত ৬ নভেম্বর। নামের জল্পনা তখন থেকেই।

টাইমস অব ইন্ডিয়া তখন আলিয়ার মেয়ের সম্ভাব্য একটি নামের আভাস দিয়েছিল। বছর তিনেক আগে ‘গালি বয়’ সিনেমার প্রচারে সুপার ডান্সার সিজন থ্রির সেটে গিয়ে এক ক্ষুদে প্রতিযোগীকে আলিয়া নিজের নাম বানান করে উচ্চারণ করতে বলেন। মেয়েটি তখন নার্ভাস হয়ে বলতে থাকে ‘আ-ল-ম-আ-আ’ অর্থাৎ ‘আলমা’।

আলিয়ার তখন নামটি মনে ধরে যায়। তিনি বলেও ফেলেন, “আলমা খুব সুন্দর নাম, আমার মেয়ে হলে এই নামটিই রাখব।”

অন্যদিকে আনন্দবাজার পত্রিকা গাঙ্গুবাঈ সিনেমার প্রচারের সময়কার আলিয়ার এক কথা সামনে আনে। মহেশ ভাটকন্যা ওই সাক্ষাৎকারে বলেছিলেন, মেয়ে হলে তিনি ‘আইরা’ নামটি হয়ত বেছে নেবেন। এ নামে তার এবং রণবীরের নামের আদ্যক্ষর আছে।

আলিয়া-রণবীরের সন্তান হওয়ার পর ওই সাক্ষাৎকারও নতুন করে ভাইরাল হয়।

পুরানো খবর:

আলমা না আরিয়া? আলিয়ার মেয়ের নাম কী

তবে বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আলিয়া জানিয়েছেন, তাদের সন্তান নাম পেয়েছে ‘রাহা’। নামটি রণবীরের মা নীতু কাপুর দিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

Image

ইনস্টাগ্রামে দেওয়া আলিয়ার ছবিতে মেয়ে নামাঙ্কিত জার্সি

কন্যার নামের অর্থ জানিয়ে মহেশ ভাটকন্যা বলেন, “রাহা নামের সুন্দর অনেক অর্থ আছে…রাহা শব্দের প্রকৃত অর্থ হচ্ছে ঐশ্বরিক পথ, সোয়াহিলি ভাষায় এর অর্থ আনন্দ; সংস্কৃততে বংশ; রাহার বাংলা অর্থ বিশ্রাম, আরাম, মুক্তি; আর আরবিতে শান্তি, আরও অর্থ সুখ, স্বাধীনতা ও পরম সুখ। তার নাম ধরেই বলছি, আমরা তাকে ধারণ করেছি- এটি প্রথম মুহূর্ত থেকেই অনুভব করছি।

“ধন্যবাদ রাহা, আমাদের পরিবারকে প্রাণবন্ত করার জন্য, মনে হচ্ছে আমাদের জীবন যেন সবে শুরু হয়েছে।”

রাহার বাবার বংশে অনেকের নামেরই আদ্যক্ষর ‘আর’। রণবীরের মতোই তার দাদা রাজ কাপুর, খুড়ো রণধীর কাপুর, বাবা ঋষি কাপুর, বোন রিদ্ধিমা কাপুর সবার নামের শুরু আর দিয়ে।   

বিশ্বকাপের মধ্যে ফুটবলভক্ত রণবীর মেয়ের নামাঙ্কিত বার্সেলোনার জার্সির একটি ছবিও বানিয়েছেন। যে ছবিটি আলিয়া দিয়েছেন, তাতে জার্সিতে ‘রাহা’ নাম লেখা ফটোফ্রেমটি দেখা যায়।

ইতোমধ্যে আলিয়ার পোস্ট ‘লাভ’ রিঅ্যাকশন ও আশীর্বাদের মন্তব্যে ভরে উঠেছে।