ঢাকা থেকে ফিরেই মা হারালেন মোনালি ঠাকুর
ঢাকায় মঞ্চে উঠে মায়ের অসুস্থতার খবর জানিয়ে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছিলেন এই শিল্পী। গেয়েছিলেন মায়ের প্রিয় গান 'তুমি রবে নীরবে'।
মা হারালেন ভারতের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী মোনালি ঠাকুর।
১৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর শুক্রবার দুপুরে না–ফেরার দেশে পাড়ি জমান তার মা মিনতি ঠাকুর। মোনালির বড় বোন মেহুলি ঠাকুরের বরাত দিয়ে আনন্দবাজার এ খবর জানিয়েছে।
মায়ের মৃত্যুর খবর জানিয়ে মেহুলি ফেইসবুকে লিখেছেন,“শিকল ছিঁড়ে গেছে...অবশেষে কষ্টের অবসান...। বেলা ২টা বেজে ১০ মিনিটে মা স্থির হয়ে গেছে।”
এক কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার বাংলাদেশে এসেছিলেন মোনালি। রাজারবাগ পুলিশ লাইনসে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি অনেক আগেই ঠিক হয়ে ছিল। সে কারণে মা হাসপাতালে থাকার পরও পেশাদারত্বের জায়গা থেকে তিনি মঞ্চে পারফর্ম করতে ওঠেন।
মঞ্চে উঠে মায়ের অসুস্থতার খবর জানিয়ে ভুল ত্রুটির জন্য ক্ষমাও চেয়ে নেন এই শিল্পী। তারপর মাকে উৎসর্গ করে গেয়ে ওঠেন তার মায়ের প্রিয় গান 'তুমি রবে নীরবে'। ফেইসবুকে ভাইরাল হয় সেই ভিডিও।
আনন্দবাজার জানিয়েছে, গায়ক ও অভিনেতা শক্তি ঠাকুরের স্ত্রী মিনতি ঠাকুর কিডনির সমস্যায় ভুগছিলেন। ডায়ালাইসিস চলছিল তার।
মায়ের সঙ্গে ছোটবেলার ছবি দিয়ে স্মৃতিকাতর মোনালি বৃহস্পতিবার ফেইসবুকে লিখেছিলেন, “কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়াই করব মা... এই একাকিত্ব... এই যন্ত্রণা। বড্ড অসহায় লাগছে। কিন্তু এ বার সময় এসে গিয়েছে এবং তাকে লাইফ সাপোর্ট থেকে বের করে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাকে... এবং তৈরি হতে হবে... আমার মাকে শান্তি দাও ঈশ্বর... এবং আমাকে সাহায্য করো... এখন মাকে ছাড়া আমার জীবনটাই বা কী ভাবে কল্পনা করব... আর নিজেকে ঠিক রাখতে পারছি না।”
এই পোস্টের চব্বিশ ঘণ্টা কাটার আগেই মাকে হারালেন মোনালি। শুক্রবার রাতেই মিনতি ঠাকুরের শেষকৃত্য হওয়ার কথা।
