‘স্পাইস গার্লস’ এর পুনর্মিলন
ভিক্টোরিয়া বেকএমের ৫০তম জন্মবার্ষিকীতে গত বুধবার লন্ডনে এক হয়েছিলেন পাঁচ কন্যা।
দল ভেঙে গেছে কবেই, প্রত্যেকে যে যার জগৎ নিয়ে ব্যস্ত। তবু প্রাক্তন সহশিল্পীর জন্মদিন ঘিরে এক হয়েছিলেন তিন দশক আগে লন্ডনে গড়ে ওঠা গানের দল ‘স্পাইস গার্লস’ এর পাঁচ নারী।
ইংলিশ পপ ব্যান্ডের এই পাঁচজন হলেন মেলানি ব্রাউন, মেলানি চিশম, এমা বান্টন, গেরি হ্যালিওয়েল ও ভিক্টোরিয়া বেকএম।
বিবিসি লিখেছে, ভিক্টোরিয়া বেকএমের ৫০তম জন্মবার্ষিকীতে গত বুধবার লন্ডনে এক হয়েছিলেন পাঁচ কন্যা। ওই জন্মদিনের পার্টিতে ‘স্পাইস গার্লস’রা একসাথে তাদের ক্ল্যাসিক গান ‘স্পট’ গেয়ে মাতিয়ে দেন।
ঠিক এমনই ঘটেছিল ১৯৯৭ সালে তাদের আরেক পুনর্মিলনিতে। তবে তারা সর্বশেষ একসঙ্গে পারফর্ম করেছিলেন ২০১৯ সালে।
ভিক্টোরিয়ার জন্মদিনে পাঁচ কন্যার পার্টির ভিডিও ইনস্টাগ্রামে শোয়ার করেছেন তার স্বামী ডেভিড বেকএম।
ইংল্যান্ডের সাবেক ফুটবলার বেকএম ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “আমি কিছুই বলতে চাইছি না, কেবল বলছি, তারা আছেন।“
মন্তব্যের ঘরে ভিক্টোরিয়া জন্মদিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “দারুণ একটি সন্ধ্যা ছিল। তোমাদের সাবাইকে অনেক ভালোবাসি।“
ওই পার্টিতে হলিউডি অভিনেতা টম ক্রুজ, অভিনেত্রী প্রযোজন সালমা হায়েক, রোজি হান্টিংটন-হোয়াইটলি এবং গর্ডন রামসের মত তারকারা উপস্থিত হয়ে আলো ছড়িয়েছেন।
বেকএমের ওই ভিডিও দারুণ সাড়া ফেলেছে সোশাল মিডিয়ায়। ব্যান্ডদলের সদস্যদের প্রতি ভক্ত অনুরাগীরা ভালোবাসা প্রকাশ করেছেন, কিন্তু সব ছাপিয়ে বেকএমের প্রশংসা এসেছে বেশি।
কৌতুক অভিনেতা স্যামুয়েল জারনিগ, তিনি নিজেকে ‘স্পাইস গার্লস’ এর ‘সুপার ফ্যান’ হিসেবে দাবি করে ইনস্টাগ্রামে লিখেছেন, “তাদের হাতে কোনো মাইক্রোফোন নেই। কিন্তু ‘স্টপ ডান্স’ এমনভাবে গাইছিলেন যেন এটি তাদের নিয়মিত অনুশীলন।“
জারনিগ বিবিসিকে বলেন, ”নারী সংগীতশিল্পীদের একে অপরের সঙ্গে মজা করার দৃশ্য দেখে আমি অবশ্য হাসি থামাতে পারিনি। তবে এই ভিডিও নিশ্চিতভাবে বড় খবর তৈরি করবে।“
কয়েক বছরের মধ্যে ‘স্পাইস গার্লস’দের ফের একসঙ্গে দেখে বেশিরভাগ অনুরাগী আনন্দিত হয়েছেন।
একজন লিখেছেন, “বেকএম, আপনি নিশ্চিতভাবে একজন সেরা সোশাল মিডিয়া ম্যানেজার। আপনি জানেন মানুষ আসলে কী দেখতে চায়।“
“সংগীতানুরাগীরা এমন মুহূর্ত দেখার অপেক্ষায় ছিল, ধন্যবাদ বেকএম,“ মন্তব্য আরেকজনের।
আরও একজনের কথা হল, “আমার মেয়ে টেইলর সুইফটকে দেখার জন্য যে আগ্রহ নিয়ে অপেক্ষা করে, আমার ভেতরেও একই ধরনের অপেক্ষা কাজ করে ‘স্পাইস গার্লস’দের দেখার জন্য। বেকএমকে কী বলে ধন্যবাদ দেব জানি না!”
১৯৯৪ সালে মেলানি ব্রাউন, মেলানি চিশম, এমা বান্টন, গেরি হ্যালিওয়েল ও ভিক্টোরিয়া বেকএম যখন সংগীত যাত্রা শুরু করেন, তারা সবাই বয়সে তরুণ। তাদের দারুণ জনপ্রিয় গান ‘ওয়ানাবি’ মুক্তি পায় ১৯৯৬ সালে। ওই গানটি তখন ৩৭টি দেশের টপ চার্টের শীর্ষস্থান দখল করেছিল।
তাদের প্রথম অ্যালবাম ‘স্পাইস’ সারা বিশ্বে ৩১ মিলিয়ন কপি বিক্রি হওয়ার রেকর্ড তৈরি করে। কেবল মেয়েদের ব্যান্ড হিসেবে বেস্ট সেলিং অ্যালবামের ইতিহাস গড়ে। দ্বিতীয় অ্যালবাম ‘স্পাইস ওয়ার্ল্ড’ দুনিয়াজুড়ে ১৪ মিলিয়ন কপি বিক্রি হয়।
‘স্পাইস গার্লস’ এর প্রায় সব গানে নারী শক্তির জয়গান এবং নারীর ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরা হয়। নাচে-গানে তারা তৈরি করেছিলেন নিজস্ব পপ শৈলী। এছাড়াও ব্যান্ডটি বিভিন্ন সিনেমাতেও প্লেব্যাক করেছে, অংশ নিয়েছে টেলিভিশনের শোতে।
১৯৯৭ সালে প্রথমবারের মত কনসার্টে আসে ‘স্পাইস গার্লস’। একটি ফিচারফিল্মেও তারা অংশ নেয় এবং পরের বছর ১৯৯৮ সালে ওয়ার্ল্ড ট্যুরে বের হয় নারীদের এই দল।
ওই বছরেই দল ছেড়ে দেন গেরি হ্যালিওয়েল। ২০০১ সালে দল ভেঙে যায় ।তবে ২০০৭ সালে ফের একসঙ্গে পারফর্ম করে ‘স্পাইস গার্লস’। ২০১২ সালে অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে স্পাইস গার্লসের তারকারা একসঙ্গে গান করেন।
এছাড়া ২০১৯ সালে তারা ইউরোপ সফরে বের হন, তবে ভিক্টোরিয়া ওই সফরে ছিলেন না।
