১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘বাবার ছায়া মুখ’, গাইলেন নীহার লিখন

গানটি শোনা যাচ্ছে জি সিরিজ মিউজিকের ইউটিউব চ্যানেলে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 03:40 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

বাবাকে ঘিরে স্মৃতি এবং তাকে হারানোর আবেগ প্রকাশ পেয়েছে ‘বাবার ছায়া মুখ’ শিরোনামের গানে।

গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন নীহার লিখন।  

গানটি শোনা যাচ্ছে জি সিরিজ মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটির সংগীতায়োজন করেছেন সোহান যাযাবর এবং প্রকাশনা করেছে অগ্নিবীণা। গানটির ব্যবস্থাপনায় ছিলেন হাবিব মোস্তফা।

‘দূরের আকাশে, তারার প্রপাতে, বাবার ছায়ামুখ হাতছানিতে’ এমন কথার এই গান নিয়ে লিখন তার ব্যক্তিগত অনুভূতি গ্লিটজের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 

“মে মাস নিয়ে আমার একটা কষ্ট আছে, এই মাসেই আমি বাবাকে হারাই। ভিন্ন শহরে থাকার কারণে শেষবারের মত তার সঙ্গে দেখা বা কথা বলা সম্ভব হয়নি। মে মাস এলেই সেই দুঃখবোধটা আরও প্রবল হয়ে ওঠে। গানে বাবার অনুপস্থিতিতে সন্তানের অনুভবটাই তুলে ধরার চেষ্টা করেছি।”

সংগীতশিল্পী নীহার লিখন। ছবি: নীহার লিখনের সৌজন্যে।

সংগীতশিল্পী নীহার লিখন

শ্রোতাদের প্রতিক্রিয়া নিয়ে আশাবাদী এই শিল্পী।

তিনি বলেন, “এই অনুভূতি সবার মধ্যেই কম-বেশি আছে। তাই আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।” 

গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন লিখন। 

“সামনে আরও কিছু গান প্রকাশের ইচ্ছা আছে। জনপ্রিয় হওয়ার চিন্তা থেকে গান করি না। আমি মূলত কবিতা লিখি, আর সেখান থেকেই গানের সৃষ্টি। চেষ্টা করি মানসম্পন্ন কিছু তৈরি করতে। সামনে একটি অ্যালবাম প্রকাশের পরিকল্পনাও রয়েছে, যার কাজ চলছে।”

‘অস্থিরতা’, ‘কাগজের জাহাজ’, ‘আমি ধরবো হাত তোমারই’, ‘অশরীরী মেঘ’ হল লিখনের আরও কিছু গান।  

এছাড়াও লালন, রাধারমণসহ বিভিন্ন ধরনের লোকসংগীত করে থাকেন লিখন।