Published : 20 Jun 2026, 01:54 PM
কবি নির্মলেন্দু গুণের কবিতা, কথন আর সুরের মূর্ছনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘শিয়রে বাংলাদেশ’ শিরোনামের এক আবৃত্তি সন্ধ্যা।
সাংস্কৃতিক সংগঠন ‘তারুণ্যের স্বর’ এর আয়োজনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় হয়েছে এই আয়োজন।
অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণেরসহ ১৯টি কবিতা আবৃত্তি করা হয়েছে। অনুষ্ঠানে একক আবৃত্তি করেন আবৃত্তিকার বিপ্লব আদিত্য।
এর আগে ২০২৪ সালে আদিত্যের প্রথম একক আবৃত্তি সন্ধ্যা ‘তারুণ্য’ এবং ২০২৫ সালে দ্বিতীয় একক আয়োজন ‘প্রেম ও দ্রোহ’ অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল তার তৃতীয় একক অনুষ্ঠান।
এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন আবৃত্তিকার ও প্রশিক্ষক পারভেজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও ‘তারুণ্যের স্বর’ এর সদস্য সচিব (অনুষ্ঠান) খন্দকার সুমন। এছাড়া কবি, সংস্কৃতিকর্মী ও কবিতানুরাগীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবৃত্তিকার বিপ্লব আদিত্য বলেন, “কবিতা আমার কাছে শুধু উচ্চারণ নয়, মানুষের ভেতরের দেশ, সময় ও অনুভূতির সঙ্গে সংলাপের একটি মাধ্যম। নির্মলেন্দু গুণের কবিতাগুলোকে আবৃত্তির মাধ্যমে নতুন করে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা আমার জন্য বিশেষ অর্থ বহন করে।”
পারভেজ চৌধুরী বলেন, “আবৃত্তি কেবল শিল্পচর্চা নয়, এটি ভাষা, চিন্তা ও সাংস্কৃতিক বোধ নির্মাণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণদের মধ্যে এ ধরনের একক আয়োজন ধারাবাহিকভাবে তৈরি হওয়া ইতিবাচক এবং আশাব্যঞ্জক।”
খন্দকার সুমন বলেন, “নতুন প্রজন্মের সাংস্কৃতিক চর্চা টিকিয়ে রাখতে স্বাধীন ও ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন। ‘তারুণ্যের স্বর’ সেই জায়গা থেকে তরুণ শিল্পীদের নিজস্ব কণ্ঠ ও সৃজনশীল প্রকাশের জন্য একটি পরিসর তৈরি করার চেষ্টা করছে।”
অনুষ্ঠানের শেষ অংশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে ‘তরুণ কবি সম্মাননা’ পেয়েছেন কবীর সুমন ও আশিক রহমান লিয়ন।
‘বন্ধুত্ব স্মৃতি স্মারক’ দেওয়া হয় শারমিন আক্তার, ফয়সাল আদনান ও মাহফুজা রুমিকে। ‘বিশেষ সম্মাননা স্মারক’ পেয়েছে রিয়াজ পাবলিক স্কুল ও আফরিন জামান সারিন। এছাড়া সাইফুল্লাহ্ সাইফ ও রাজীব মজুমদারকে ‘সৌহার্দ্য স্মারক’ প্রদান করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলা ভাষা, কবিতা ও আবৃত্তিচর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়েছে।