Published : 03 Mar 2026, 07:15 PM
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর পর আলভীর 'প্রেমিকা' হিসেবে আলোচনায় আসা ইফফাত আরা তিথি এবার মুখ খুলেছেন।
তিনি বলেছেন, "আলভীর সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে ভালো বন্ধু।"
নেপাল থেকে সোমবার দেশে ফিরেছেন তিথি। ফিরে এক টেলিভিশন স্টেশনের সাক্ষাৎকারে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।
তিথি বলেন, "অনেকেই অভিযোগ করছেন, ‘আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে আছে’–এটা ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে সোমবার দেশে ফিরেছি।
“যেদিন ইকরা আত্মহত্যা করে ওইদিন একটা টিকেটের জন্য অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে। প্রথম দিন কোথাও টিকেট পাওয়া যায়নি। পরের দিন টিকেটের ব্যবস্থা করে টিমের সবাই দেশে ফিরেছি।"
গত শনিবার দুপুরে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে ইকরার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নেপাল থেকে ফেইসবুকে পোস্ট দিয়ে স্ত্রীর মৃত্যুর ঘটনাকে ‘আত্মহত্যা’ বলেন আলভী।
রোববার বাদ আসর ময়মনসিংহের ভালুকার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে ইকরাকে দাফন করা হয়।
ইকরার মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এক সহশিল্পীর সঙ্গে আলভীর ‘বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে’ দাম্পত্য কলহ চরমে পৌঁছায়। আর সে কারণেই ইকরা আত্মহত্যার পথ বেছে নেন।
আলভীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে তিথি বলেন, "তার (আলভী) সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। কোনো অফিসে যখন আপনার কলিগ থাকে, আপনি যখন তার সঙ্গে চার-পাঁচ বছর অফিস করবেন, তখন আপনার সঙ্গে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। আমি আগেও বলছি যে, ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে ভালো বন্ধু।"
তিথি বলেন, "আমি কিন্তু এর আগেও অনেক সাক্ষাৎকারে এই কথাটা বলছি। আমাদের মধ্যে একটা নির্ভরতার জায়গা আছে। খুব ভালো বন্ডিং, অনেক ভালো একটা বন্ডিং আমাদের হয়েছে।
“সেই বন্ডিং হওয়া মানে এইটা না যে আমি ওর সংসার ভাঙতে চাইছি। আলভি কখনো তার স্ত্রীকে রেখে আমাকে বিয়ে করতে চাইছে বা আমরা বিয়ে করব, আমরা সংসার করব, আমরা প্রেম করব এই ধরনের কোনো ভবিষ্যত পরিকল্পনা আমাদের আসলে কোনোদিনও ছিল না।"
তবে ইকরা তাদের নিয়ে 'সন্দেহ' করতেন, সে কথা তুলে ধরে এই অভিনেত্রী বলেন, "সেটা শুধু আমার ক্ষেত্রে সেটা না। আমাকে নিয়ে সন্দেহ শুরু হয়েছে যখন দেখল আমার সঙ্গে টানা কাজ হচ্ছে। আমাদের মধ্যে একটা বন্ধুত্ব আছে। তবে সেটা ইকরার আড়ালে ছিল না কিন্তু।
“ইকরা আর আমাকে একসঙ্গেও অনেক জায়গায় দেখা গেছে। অনেক আগে থেকেই অন্য কোনো শিল্পীর সঙ্গে আলভী কাজ করলে তাকেও মেসেজ করত, কথা বলত, জানার চেষ্টা করত, বোঝার চেষ্টা করত এই বিষয়গুলো ওর মধ্যে ছিল।"

ইকরার মৃত্যুর সময় শুটিংয়ে নেপালে ছিলেন আলভী; স্ত্রীর শেষ বিদায়েও হাজির হননি তিনি। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠলে ফেইসবুকে ভিডিও বার্তা দেন আলভী।
তিনি দাবি করেন, ইকরার মৃত্যুর পর কেবল ‘মব আতঙ্কে’ নেপাল থেকে তিনি দেশে ফিরে আসেননি।
সোমবার ওই ভিডিও বার্তায় ইকরার পরিবারের সদস্য এবং সমালোচকদের বিরুদ্ধেও কিছু অভিযোগ করেন আলভী। তার অভিযোগ ও সমালোচনা থেকে বাদ যাননি ইকরাও।
আলভী দাবি করেছেন, দেশে ফেরার টিকেট কেটে নেপালের বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার পরও ‘নিরাপত্তা ঝুঁকি’ বিবেচনায় তিনি ফিরে আসেননি।
"আমার কাছে এমন তথ্যও এসেছে, বিমানবন্দরের বাইরে লোক রাখা আছে। আমি দেশে আসা মাত্র তারা আমাকে মেরে ফেলবে। পুলিশ ধরে নিয়ে গেলে আইনিভাবে মোকাবিলা করতাম। কিন্তু যদি আমিও মারা যাই, তাহলে আমার ছেলে রিজিকের কী হবে? আপনারা কি চান সে তার বাবাকেও হারাক?"
আলভী বলেন, “ইকরার পরিবারও আমাকে শেষবার দেখতে দেয়নি। ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই, ইকরার পরিবার আমাকে দেখতে দেয় নাই।”
ভিডিওতে অভিনেত্রী তিথির সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে আলভী বলেন, “দীর্ঘদিন একসাথে কাজ করার কারণে ইন্ডাস্ট্রিতে একজন আর্টিস্টের সঙ্গে একজন আর্টিস্টের একটা ভালো বন্ডিং হতেই পারে। তার মানে এই না যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব।
“এই কথা না আমি ইকরাকে বলেছি, না আমি তিথিকে কোনো দিন বলেছি। না তিথি কোনো দিন আমাকে এই কথা বলেছে। তিথির প্রতি একটা সুন্দর নির্ভরযোগ্যতা তৈরি হওয়ার কারণ চারপাশে এত ভুল মানুষ, এত দুধের মাছি দেখছি। তার মাঝে ওকে আমার অনেস্ট মনে হইছে, ডেডিকেটেড মনে হইছে, কাজ করতে গিয়ে ওর সঙ্গে ভালো বন্ডিং হইছে।”
২০১০ সালে একে অপরকে ভালোবাসে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের একটি ছেলে সন্তান আছে।
এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেছেন। মামলায় আলভীসহ তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়েছে।
‘আত্মহত্যায় প্ররোচণার’ অভিযোগে করা ওই মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন:
'মব' আতঙ্কে দেশে ফেরেননি আলভী, ভিডিও বার্তায় আরও যা বললেন
ইকরার আত্মহত্যা: আলভীদের বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা
স্ত্রীর লাশ উদ্ধার: আলভীর নামে মামলা, সঙ্গে আসামি মা ও 'প্রেমিকা'