২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার অ্যাকশনে কাজল, সঙ্গে ২৭ বছর পর প্রভু দেবা

বিশাল বাজেটের এই সিনেমার নিয়ে বলিউডে আত্মপ্রকাশ করবেন তেলুগু পরিচালক চরণ তেজ উপ্পলাপতি।

প্রথমবার অ্যাকশনে কাজল, সঙ্গে ২৭ বছর পর প্রভু দেবা
সর্বশেষ ১৯৯৭ সালে তামিল ছবি ‘মিনসারা কানাভু’তে একসঙ্গে অভিনয় করেন কাজল ও প্রভু দেবা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2024, 02:09 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

আড়াই দশকের বেশি সময় পর পর্দায় এক সঙ্গে কাজ করতে চলেছেন বলিউড ও দক্ষিণী সিনেমার আলোচিত দুই অভিনয় শিল্পী কাজল এবং প্রভু দেবা।। আর সেই সিনেমা কেবল হিন্দি-দক্ষিণের শিল্পীদেরই সম্মিলন ঘটাচ্ছে তা নয়, সেখানে থাকছে কলকাতার এক অভিনেতাও। 

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, তেলুগু পরিচালক চরণ তেজ উপ্পলাপতি বিশাল বাজেটের একটা কাজ নিয়ে আসছেন। আর অ্যাকশন থ্রিলারধর্মী এই সিনেমার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করবেন এই পরিচালক। এছাড়া এই সিনেমায় প্রথমবারের মত অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন কাজল।

কাজল এবং প্রভু দেবা ছাড়াও ওই সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, সংযুক্ত মেনন ও আদিত্য শীল। এছাড়া কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্তকেও উপ্পলাপতি তার নতুন সিনেমায় নিয়েছেন। 

সিনেমার নাম না জানিয়ে ভারতের এই সংবাদমাধ্যম জানিয়েছেন উপ্পলাপতির নতুন কাজটি দিয়ে দীর্ঘ ২৭ বছর পরে ফের জুটি বাঁধছেন কাজল ও প্রভু দেবা। সর্বশেষ ১৯৯৭ সালে তামিল ছবি ‘মিনসারা কানাভু’তে অভিনয় করেছিলেন তারা।

কাজল ও প্রভু দেবাকে সিয়ে উপ্পলাপতি বলেন, " কাজলজি দারুণভাবে অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন। বলা যায় এই প্রথম অ্যাকশন নিয়ে কাজ করলেন। তার উৎসাহের কমতি ছিল না। স্টান্টগুলো সুন্দরভাবে করেছেন। প্রভু স্যার নিজেও একজন পরিচালক তাই উনি আমাকে নানভাবে সহযোহিতা করেছেন।"

ইতিমধ্যেই তারা হায়দরাবাদ এবং মুম্বাইতে শুটিংয়ের কাজ সেরে নিয়েছেন নির্মাতা। আগামী সপ্তাহে টিজার আসতে পারে। সন্তান এবং বাবা মায়ের সম্পর্ক নিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য। 

সিনেমার সঙ্গীত পরিচালনা করবেন হর্ষবর্ধন রামেশ্বরম। সিনেমাটোগ্রাফার হিসেবে দায়িত্ব দিয়েছেন জিকে বিষ্ণু, যিনি এর আগে ‘জওয়ান’ সিনেমায় কাজ করেছেন। আর সম্পাদক হয়েছেন নবীন নুলি। তিনি ‘পুষ্পা ২’ সিনেমার সম্পাদনাও করবেন বলে জানা গিয়েছে।