Published : 12 Jul 2025, 11:02 AM
প্রথমবারের মত মায়ের চরিত্রে অভিনয় করা জয়া আহসান জানিয়েছেন, তিনি সন্তান দত্তক নিতে আগ্রহী।
একবার যুদ্ধবিধ্বস্ত একটি এলাকার এক শিশুকে দত্তক নিতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।
আনন্দবাজার লিখেছে, ১৮ জুলাই মুক্তি পেতে চলা কলকাতার সিনেমা ‘ডিয়ার মা’ এর প্রচার অনুষ্ঠানে সন্তান দত্তক নেওয়ার কথা বলেন একার জীবন কাটানো এই অভিনেত্রী।

জয়া বলেন, “আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। আমি নিজে চেষ্টাও করেছিলাম। ইচ্ছা ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে কোনও শিশুকে দত্তক নেব।”
কিন্তু কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
জয়ার কথায়, “আসলে নানা রকমের জটিলতা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।”

দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার পরামর্শ দেন জয়া। তিনি বলেন, “যাদের একটি করে সন্তান থাকে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসাবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন। তা হলে সেই শিশুগুলি একটি পরিবার পেয়ে যাবে।”
‘ডিয়ার মা’ সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে কদিন আগে। সিনেমায় জয়ার সঙ্গে তার দত্তক নেওয়া সন্তানের রসায়ন তুলে ধরা হয়েছে।

৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলার দেখিয়েছে মা-মেয়ের সম্পর্কের টানপোড়েন। আভাস দিয়েছে মা-মেয়ের নিঃস্বার্থ ভালোবাসার মাঝে লুকিয়ে থাকা কোনো অজানা গল্পের।
ট্রেইলারের ভিডিওতে দেখানো হয়েছে, স্কুল থেকে বাড়ি ফেরেনি মেয়ে, তাই থানায় গিয়ে ডায়েরি করেন মা।
শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন পুলিশের চরিত্রে। তার কাছে মনে হয় মেয়েটির নিখোঁজ হওয়ার ঘটনাটি সাধারণ কোনো বিষয় নয়। তার সন্দেহ জাগে, জয়া কিছু গোপন করছেন।
যেখানে রক্তের সম্পর্ক নেই, সেখানে ভালোবাসা জিততে পরাবে কী না, সেই প্রশ্নের উত্তর ট্রেইলারে দেখানো হয়নি।
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটির ট্রেইলার সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চন। যা সাড়া তোলে।
আরও পড়ুন: