Published : 04 Jul 2025, 09:26 PM
স্কুল থেকে বাড়ি ফেরেনি মেয়ে, তাই থানায় গিয়ে ডায়েরি করেন মা। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ সিনেমায় প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। প্রকাশ্যেও এসেছে সিনেমার ট্রেইলার।
৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলার দেখিয়েছে মা-মেয়ের সম্পর্কের টানপোড়েন। আভাস দিয়েছে মা-মেয়ের নিঃস্বার্থ ভালোবাসার মাঝে লুকিয়ে থাকা কোনো অজানা গল্পের।
ট্রেইলারের ভিডিওতে ঘটনা যত এগুতে থাকে, স্পষ্ট হয় নিখোঁজ মেয়েটি জয়ার আপন মেয়ে নয়। কোনো একটি ক্ষোভ থেকে জয়ার সঙ্গে দূরত্ব তৈরি হয় তার, আর সেজন্যই ঘর ছাড়ে মেয়েটি।
শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন পুলিশের চরিত্রে। তার কাছে মনে হয় মেয়েটির নিখোঁজ হওয়ার ঘটনাটি সাধারণ কোনো বিষয় নয়। তার সন্দেহ জাগে, জয়া কিছু গোপন করছেন।
যেখানে রক্তের সম্পর্ক নেই, সেখানে ভালোবাসা জিততে পরাবে কী না, সেই প্রশ্নের উত্তর ট্রেইলারে দেখানো হয়নি।
উত্তর জানতে অপেক্ষা করতে হবে ১৮ জুলাই ‘ডিয়ার মা’ সিনেমার মুক্তির দিন পর্যন্ত।