১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার চঞ্চলের কণ্ঠে হাশিম মাহমুদের ‘বাজি’

‘গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী, তরি যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি’ এই কথার নতুন একটি গান গাইলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। চঞ্চল পুরোদস্তুর অভিনেতা হলেও গানের সঙ্গে তার সখ্য নিবিড়। এবার  হাশিম মাহমুদের লেখা ও সুরে ‘বাজি’ শিরোনামের এই গান গেয়ে একটি ভিডিও ফেইসবুকে পোস্ট করেছেন চঞ্চল। হাশিম মাহমুদের গান ছড়িয়ে পড়ুক সবার প্রাণে- এই প্রত্যাশার কথা জানিয়ে ফেইসবুকে চঞ্চল বলেছেন, “অনেকদিন আগে বিনোদের স্টুডিওতে একটা অনুষ্ঠানের রিহার্সেল করতে গিয়ে হাশিম মাহমুদের এই গানটা পূর্ব প্রস্তুতি ছাড়াই রেকর্ড করেছিলাম। নিজে নিজেই ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম…..আজ সবার জন্য পোস্ট করলাম।” ‘বাজি’র সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। এর আগে ‘হাওয়া’ সিনেমায় হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’ গানটি দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া এই গীতিকার-সুরকারের ‘ফুল ফুটেছে গন্ধে সারা মন’ নতুন করে প্রকাশ করে কোক স্টুডিও বাংলা। এই গানটিও দারুণ সাড়া তুলেছিল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2024, 10:19 AM

Updated : 15 Mar 2024, 10:23 AM