২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নদীর ধারে কী করছেন জায়েদ খান?

সোনার চর সিনেমায় তাকে দেখা যাবে মুক্তিযোদ্ধা চরিত্রে

নদীর ধারে কী করছেন জায়েদ খান?

সিনেমার শুটিংয়ে শীতের সকালে কাদাজলে মাখামাখি চিত্রনায়ক জায়েদ খান

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 05:14 PM

Updated : 20 Dec 2022, 05:14 PM

পিরোজপুরের সন্ধ্যা নদীর তীরে কাদায় মাখামাখি জায়েদ খান, সর্বশক্তিতে সামনে এগিয়ে যেতে চাইলেও কাদা তাকে টেনে ধরছে।

বুধবার সকালে এমন ছবি ফেইসবুকে পোস্ট করে ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান ক্যাপশনে  লিখেছেন, ‘ইহা একটি শীতের সকাল অব পিরোজপুর’।

ছবিটির বিষয়ে জানতে জায়েদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, পিরোজপুরে চলছে ‘সোনার চর’ সিনেমার শুটিং। এই সিনেমায় জায়েদ খানের সহশিল্পী মৌসুমী, ওমর সানী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি।
 
আর জায়েদ খানের আগের ফেইসবুক পোস্ট থেকে জানা যায়, ‘সোনার চর’ সিনেমায় মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করছেন তিনি।

সিনেমাটি নিয়ে এর আগে গ্লিটজকে তিনি বলেছিলেন, “বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটি। এতে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হলেও মুক্তিযোদ্ধা চরিত্রে প্রথম অভিনয় করছি।”

মঙ্গলবার জায়েদ খানের পোস্ট করার ছবিতে  কমেন্ট এসেছে অনেকগুলো। মাজহারুল ইসলাম তানিম নামে একজন লিখেছেন, “একেই বলে ডেডিকেশন।” জবাবে জায়েদ খান তাকে ধন্যবাদ দিয়েছেন।

খন্দকার লাভলি আহমেদ “অভিনয় করে জীবন ফুটিয়ে তোলা বড় কঠিন কাজ, শুভ কামনা রইল ভাই” কমেন্টের জবাবেও জায়েদ খানের ধন্যবাদ পেয়েছেন।

Image

সহশিল্পীদের সঙ্গে জায়েদ খান



মোহাম্মদ ইলিয়াস চৌধুরী লিখেছেন, “প্রচণ্ড ঠাণ্ডা কাদায় এমন প‌রিশ্রম কতজন অভি‌নেতাই বা কর‌তে পা‌রে! শুধু ‌মাত্র লি‌জেন্ডরাই পা‌রে!”

“দারুণ হবে, এই সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন হবে আপনার,” মন্তব্য
হুমায়ুন আহমেদ নামে এক ভক্তের।

“ইনশাআল্লাহ আমরা অন্তর জ্বালার মত আরেকটি সুপারহিট চলচ্চিত্র উপভোগ করতে পারব,” লিখেছেন জিল হক। ভক্তদের শুভ কামনার জবাবে ধন্যবাদ জানিয়েছেন শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

সিনেমার কাজ প্রায় শেষ বলে জানান নির্মাতা জাহিদ হাসান। তিনি বলেন, গত বছরের সেপ্টেম্বরে মৌসুমী-ওমর সানী ও জায়েদ খানকে নিয়ে গাজীপুরের হোতাপাড়ায় শুরু হয় ‘সোনার চর’ সিনেমার শুটিং। এফডিসিতে একটি গানের ‍শুটিং হয় এ সিনেমার।

চলতি বছরের অক্টেবার মাসে ওমর সানী-মৌসুমীর অংশের শুটিং শেষ হয়। ডাবিংও শেষ করেছেন এ তারকা জুটি। এখন চলছে জায়েদ খান ও অভিনেত্রী স্নিগ্ধার অংশের শুটিং।