১৬ মিলিয়ন ‘ফলোয়ারের’ ক্লাবে পরীমনি, ছেলের জন্য কাটলেন কেক
বাংলাদেশের চলচ্চিত্র তারকাদের মধ্যে ফেইসবুকে ফলোয়ারের সংখ্যায় তিনিই শীর্ষে।
একজন ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার, অন্যজন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা। দুজনকে ঘিরেই মানুষের আগ্রহের যেন শেষ নেই।
ফেইসবুকে বেশ কিছুদিন ধরেই ১৬ মিলিয়ন অনুসারী ফলো করছেন সাকিব আল হাসানকে। বুধবার সেই ১৬ মিলিয়নের ক্লাবে প্রবেশ করেছেন পরীমনিও।
ফেইসবুকে অনুসারীর সংখ্যায় অনেক দিন ধরেই বাংলাদেশে শীর্ষে রয়েছেন সাকিব। পরীমনিও অনেক দিন ধরেই সাকিবের কাছাকাছি। বাংলাদেশের চলচ্চিত্র তারকাদের মধ্যে ফেইসবুকে তিনিই শীর্ষে।
১৬ মিলিয়ন ফলোয়ারের ক্লাবে প্রবেশ করে বুধবার এক ফেইসবুক পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন নায়িকা। তিনি এখন ব্যস্ত রয়েছেন রেজা ঘটকের পরিচালনায় ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং নিয়ে, সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী।
শুটিং সেটে ছেলেকে নিয়ে কেক কাটার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ফেইসবুকে লিখেছেন, “আমার বাজানের জন্য ‘ডোডোর গল্প’ এর শুটিং সেটের সারপ্রাইজিং আয়োজন।”
২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরীফুল রাজ ও পরীমনি। তাদের কোলজুড়ে আসে রাজ্য। ছেলের জন্মের পর থেকে প্রতি মাসেই ১১ তারিখটি উদযাপন করেন পরী। গেলো ১১ অগাস্ট ঘটা করে প্রথম জন্মদিন উদযাপন করেছিলেন তিনি।
গত ১৮ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে রাজকে ডিভোর্স লেটার পাঠান পরীমনি। তারও কয়েক মাস আগে থেকেই রাজ-পরী আলাদা থাকছিলেন। আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের চিঠি পাঠানোর পর পরীমনিও ফের শুটিংয়ে ব্যস্ত হয়েছেন।
বুধবার ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং সেটে রাজ্যের জন্ম তারিখটি উদযাপন করার একটি ভিডিও শেয়ার করেছেন পরীমনি। নির্মাতা রেজা ঘটক, চিত্রনায়ক সাইমন সাদিকসহ শুটিং সেটের অন্যরাও উপস্থিত ছিলেন সেখানে।
