২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল বাসে গাইতে গাইতে ‘লাল খাতা’

লাল খাতার গানের আসর মূলত জমে স্কুলবাসে।

স্কুল বাসে গাইতে গাইতে ‘লাল খাতা’

গ্যালারি ২১ আয়োজিত অনুষ্ঠানে লাল খাতার পরিবেশনা

পাভেল রহমান পাভেল রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 12:58 PM

Updated : 27 Aug 2022, 12:58 PM

ধানমণ্ডির গ্যালারি ২১ এর মঞ্চে একদল স্কুলশিক্ষার্থীর গান শুনে দর্শক মুগ্ধ; সবাই উৎসুক, নবীন এই গানওলা কারা!

তাদের দলের নাম ‘লাল খাতা’। সদস্য পাঁচজন - তোতা, মুগ্ধ, স্ফিয়েতা, প্রহর আর স্পর্শ। সবাই ওরা পড়ছে ঢাকার নালন্দা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে।

লালখাতার জন্ম হল কীভাবে? পাঁচ কিশোরের সপাট উত্তর, তাদের গানের আসর মূলত জমে স্কুলবাসে।

ধানমণ্ডির ছায়ানট ভবনের সামনে থেকে বাসে করে প্রতিদিন তারা যায় কেরানীগঞ্জের স্কুল ক্যাম্পাসে। ওই সময়টায় বাসে বসে চলে গানের আসর। চলতি বাসের গানের ওই আড্ডাই হয়ে গেল লাল খাতা।
এ দলের সদস্য চন্দ্রবিন্দু তোতা বললো, আনন্দ হয় বলেই তারা গান করে, নিয়মিত মঞ্চেও পরিবেশন করতে চায়।

তোতাকে অবশ্য কেউ কেউ অন্য একটি পরিচয়ে চিনে থাকতে পারেন। স্বতন্ত্র ধারার গানের জন্য পরিচিত গানের দল জলের গানের রাহুল আনন্দ আর শিল্পী ঊর্মিলা বসাক শুক্লা তার বাবা-মা।

জলের গানের বিভিন্ন আসরেও কণ্ঠ মেলাতে দেখা যায় তোতাকে। জন্মের পর থেকেই বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে খেলতে খেলতে বড় হচ্ছে সে।

রাহুল আনন্দ অবশ্য একটু উল্টো করে বললেন, “সংগীত নিয়ে তোতার খেলা দেখে আমি বেশ কয়েকটি বাদ্যযন্ত্র তৈরি করেছি, যেগুলো এখন জলের গানের শোতে বাজানো হয়। এর মধ্যে জলবাঁশি নামের একটি বাদ্যযন্ত্র বিভিন্ন পরিবেশনায় আমি নিয়মিত বাজাই। এটি মূলত তৈরি করেছি তোতাকে দেখে। একদিন একটা বোতলে পানি ভরে বিভিন্ন সাউন্ড তৈরি করছিল তোতা, সেটা দেখে জলবাঁশি বাদ্যযন্ত্রটি বানানোর আইডিয়া পাই।”

তোতা জানাল, ‘লাল খাতা’ থেকে এরইমধ্যে তিনটি মৌলিক গান তৈরি হয়েছে। সামনে আরও নতুন গান তৈরির পরিকল্পনা চলছে।

“তিনটি গানেরই কথা, সুর আর সংগীতায়োজন দলের সদস্যরা সম্মিলিতভাবে করেছি। আমরা বন্ধুরা সবাই অনলাইনে মাঝে মাঝে গান নিয়ে মহড়া করি। জলের গানের স্টুডিওতে বসেও আমরা গানের চর্চা করি।”

Image

লাল খাতার ৫

ছেলের গানের দল নিয়ে আনন্দিত রাহুল আনন্দ বললেন, “তোতাকে ছোটবেলা থেকেই স্বাধীনতা দিয়েছি। পড়ালেখার কোনো চাপ দিই না। নালন্দা স্কুলে ওর বন্ধুদের নিয়ে এই দলটি করেছে। সেখানে ওরা পুরো স্বাধীনভাবে গান তৈরি করছে, মঞ্চেও শো করেছে।

“বাবা হিসাবে এটা খুবই ভালো লাগার ঘটনা। দলের নামকরণ, গান তৈরিসহ যাবতীয় পরিকল্পনা ওদের।”

বাচ্চারা গানের দল গড়েছে, নিজেরা গান তৈরি করছে- এসব তো মা ঊর্মিলা শুক্লা জানতেনই। তারপরও মঞ্চে ওদের পরিবেশনা দেখে ‘কিছুটা অবাক’ হয়েছেন তিনি।

“সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। আমাদের সন্তানরা ভালো কিছু করলে আনন্দ হয়। কিন্তু ওদেরকে চাপ দিয়ে কিছু করাতে চাই না। যতদিন ভালো লাগবে, গান করবে। ওরা গান করছে, মঞ্চে ওদের গান শুনে দর্শক প্রশংসা করেছে, এটা গর্বিত করে।”