বিজয়ের গান ‘আমরা সবাই বাংলাদেশ’ গাইলেন লিজা
‘আমার মুখে বাংলাদেশ, আমার বুকে বাংলাদেশ, সুখে দুঃখে আমার বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশ’ এমন কথায় গানটি শোনা যাচ্ছে লিজার নিজ্বস্ব ইউটিউব চ্যানেলে।
বিজয় দিবস ঘিরে নতুন গান গেয়েছেন কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। গানের নাম ‘আমরা সবাই বাংলাদেশ’।
গানে লিজার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন ২০২৩ সালে আরটিভি ইয়াং স্টার প্রতিযোগিতার শিল্পী জাহিদ অন্তু, অনিক, অরিন্দল, আদিবা, অঙ্কিতা ও দীপান্বিতা।
‘আমার মুখে বাংলাদেশ, আমার বুকে বাংলাদেশ, সুখে দুঃখে আমার বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশ’ এমন কথায় গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন সাহা। গানটি শোনা যাচ্ছে লিজার নিজ্বস্ব ইউটিউব চ্যানেলে।
বিজ্ঞপ্তিতে গানটি নিয়ে কণ্ঠশিল্পী লিজা বলেন, “আমি নিজেও রিয়েলিটি শো থেকে এসেছি। শো শেষে আমাদের বাকি জার্নিটা কিন্তু সলো হয়, দিকনির্দেশনা দেওয়ার মত কেউ থাকে না। নিজের জীবন থেকেই উপলব্ধি করেছি, শুধু নতুন শিল্পী খুঁজে বের করলেই হবে না, তাদের প্রপার গাইড করতে হবে। তাদের পাশে থাকতে হবে। তাই বিচারকের আসনে থাকার সময়ই বলেছিলাম, নতুনদের জন্য কাজ করব, শুধু কাভার সং নয়, প্রতিটি নতুন শিল্পীর মৌলিক গান হওয়া প্রয়োজন। তাই ইয়াং স্টারদের নিয়ে আমাদের এই দেশের গান।”
লিজা চাইছেন গানটি সবার কাছে পৌঁছে যাক।
তিনি বলেন, “গান আমার চ্যানেল থেকে প্রকাশ করা হলেও, কোনো ধরনের কপিরাইট রেস্ট্রিকশন রাখছি না। যে কেউ চাইলে যে কোনো চ্যানেলে গানটি প্রকাশ করতে পারবেন।”
সুরকার ইমন সাহা বলেন, “প্রতিযোগিতার সময় থেকেই আমাদের ইচ্ছা ছিল নতুনদের নিয়ে গান করার। সেই ইচ্ছার প্রতিফলন এই গান। সবাই মিলে একটি সুন্দর দেশের গান উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।”
গানের সার্বিক আয়োজন ও প্রযোজনা করেছেন লিজা। গানের ভিডিও নির্দেশনা দিয়েছেন রাজ বিশ্বাস শংকর। দৃশ্যধারণ হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যান, শিখা চিরন্তনসহ আরও কয়েকটি জায়গায়।
