সিনেমার লাভের ৫০% তারকাদের পকেটে চলে যায়: করণ
“তাদের মুখের উপর তো আর বলতে পারি না, গত চার সিনেমায় যা করেছেন, তারপরে কি করে এমনটা দাবি করতে পারেন?”
বলিউডে তারকা শিল্পীদের পারিশ্রমিক নিয়ে কথা বলার মিছিলে এবার যোগ দিলেন পরিচালক-প্রযোজক করণ জোহর। তার ভাষ্যে, তারকাদের কেউ কেউ লাভের ৫০ শতাংশই নিয়ে নেন, যা অনুচিৎ।
করণ সিনেমার লভ্যাংশ অভিনেতা, প্রযোজক, পরিচালক, হল মালিকদের মধ্যে কীভাবে বণ্টন হয়, তার একটি ব্যাখা দেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে। সেখানেই তিনি এই প্রসঙ্গ তোলেন।
সাম্প্রতি মাস্টার্স ইউনিয়ন পডকাস্টে করণ বলেন, “সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ার পরেও অভিনেতাদের কেউ কেউ আকাশচুম্বী পারিশ্রমিক বুঝে নিয়েছেন। দুর্ভাগ্যবশত, সিনেমার লাভের পঞ্চাশ শতাংশ তারকারা নিয়ে থাকেন। পরিচালক পান ৩০ শতাংশ, কিছুটা পান চিত্রনাট্যকার, অবশিষ্টটুকু জোটে প্রযোজকের ভাগে।”
নির্মাতার মতে, এই প্রজন্মের অভিনেতারা শাহরুখ খান, সালমান খান, আমির খান কিংবা অমিতাভ বচ্চনের সুপারস্টার হতে পারেননি।
“শাহরুখ, সালমান, আমির, অমিতাভ, অক্ষয়, অজয় ও হৃতিকের মতো জাদু নেই এখনকার অভিনেতাদের মধ্যে। তারা ‘দ্য লাস্ট মোহিকানস’। এই প্রজন্মের তারকাদের জন্য কেউ থেমে গিয়ে লাইনে দাঁড়ায় না।”
করণের বিবেচনায় খ্যাতিমান এবং সুপারস্টার হিসেবে খ্যাতিমান দুটি ভিন্ন জিনিস। কেউ ইউটিউবার হয়ে বিখ্যাত হতে পারে। তাই বলে তিনি সুপারস্টার নন।
এখন সিনেমায় লগ্নী করতে গিয়ে প্রযোজকদের সমস্যার বিষয়টি তুলে ধরে করণ বলেন, “একজন প্রযোজক হিসেবে এখন নির্মাতাদের চেয়ে অভিনেতাদের মুখোমুখি হতে বেশি বেগ পেতে হয় আমার। কারণ সেখানে প্রতিনিয়ত এক বিভ্রান্তির বিরুদ্ধে লড়াই করতে হয়।
“বিপত্তিটা বাধে তখন, যখন তারা অন্ধভাবে পারিশ্রমিক চেয়ে বসে। তাদের মুখের উপর তো আর বলতে পারি না, গত চার সিনেমায় যা করেছেন, তারপরে কি করে এমনটা দাবি করতে পারেন? আপনি ৫ কোটি পরিশ্রমিক চাইছেন ভালো কথা, কিন্তু আমার কি তা দেয়া উচিৎ?”
এখনকার তারকাদের অনেকের মাঝে এমন অহং শক্তভাবে জেঁকে বসেছে মন্তব্য করে তিনি বলেন, “আমার নিজের একটি ম্যানেজমেন্ট এজেন্সি আছে। আমি প্রায়ই তাদের বলি, দয়া করে আপনারা প্রযোজকের জন্য কাজ করবেন, অভিনেতার জন্য নয়।”
‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’সহ অনেক দর্শকপ্রিয় সিনেমার নির্মাতা করণ জোহর। এছাড়া ছোটপর্দার জনপ্রিয় তারকালাপ অনুষ্ঠান ‘কফি উইথ করণ’ এর উপস্থাপক হিসেবেও বেশ জনপ্রিয় তিনি। এবছর করণের নির্মিত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
