পাকিস্তানি অভিনেতা আহাদ আসছেন ঢাকায়
একটি সানগ্লাস ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন আহাদ।
বাংলাদেশে আসছেন পাকিস্তানের দর্শকপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর। নভেম্বরে একটি রোদচশমার ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন তিনি।
মীরকে বাংলাদেশে নিয়ে আসছে ট্রিপল টাইম কমিউনিকেশন নামের এক এজেন্সি নামের একটি কোম্পানি। তাদের ফেইসবুক পেইজে এক ভিডিও বার্তায় মীর বলেছেন, "হাই বাংলাদেশ, আমি আহাদ। সবার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।"
আয়োজক প্রতিষ্ঠান থেকে জানিয়েছে, অনুষ্ঠানটি ছোট পরিসরে আয়োজন করা হচ্ছে। তাই মীরের বাংলাদেশে আসার তারিখ ও স্থান নিয়ে রয়েছে গোপনীয়তা।
টেলিভিশন নাটকের সুবাদে নিজের দেশের বাইরের দর্শকদের কাছেও আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ধারাবাহিক 'এহাদ-এ-ওয়াফা' ও 'ইয়েকিন কা সফর’ নাটকের জন্য তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
এই অভিনেতার কিছু কাজের মধ্যে রয়েছে 'আঙ্গান', 'ইয়ে দিল মেরা', 'মীম সে মহব্বাত'। এছাড়াও 'ধূপ কি দীওয়ার' 'ইয়েকিন কা সাফার' নামের ওয়েব সিরিজ।
নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘রেসিডেন্ট ইভিলে’ অভিনয় করেও খ্যাতি পেয়েছেন মীর।
গেল সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।
