পাপ এবং প্রতিশোধের গল্পে ইন্দোনেশিয়ার সিনেমা, চলছে ঢাকায়
সিনেপ্লেক্সের সাতটি শাখায় ২৭টি শো চলছে সিনেমাটির।
অতিপ্রাকৃত গল্পের ইন্দোনেশিয়ান সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে।
স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় শুক্রবার থেকে চলছে সিনেমাটি; আর আন্তর্জাতিকভাবে ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ মুক্তি পেয়েছে গত ২৫ সেপ্টেম্বর।
বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, তাদের সাতটি শাখায় ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ সিনেমার ২৭টি শো চলছে।
ইন্দোনেশিয়ান নির্মাতা হাদ্রা দায়েং রাতু পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন দেশটির অভিনয় শিল্পী ইউনিতা সিরেগার, দিন্দা কান্যদেবীসহ আরো অনেকে।
ধর্মীয় বিশ্বাস, অন্যায়, পাপ এবং প্রতিশোধের ঘটনা ঘিরে নির্মিত এক আধ্যাত্মিক গল্পের সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’।
চিত্রনাট্য তৈরি হয়েছে ইউলি নামের এক নারীকে নিয়ে। যিনি নানা ধরনের অন্যায়ের শিকার।।ছোটবেলায় তার মা রহস্যজনকভাবে মারা যান, আর তার বাবা তাকে ছেড়ে চলে যায়। একসময় এক ধনী পরিবারের বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ নেন তিনি কিন্তু সেই বাড়িতেই তার শৈশবের ভয়ংকর স্মৃতির ছায়া আছে।
দীর্ঘদিন আগে এই পরিবারটি ইউলির মাকে কষ্ট দিয়েছিল। ইউলি নিজের চোখে তার মায়ের প্রতি হওয়া অন্যায় দেখেছিল। বড় হয়ে সেই ক্ষতই তাকে প্রতিশোধপরায়ণ করে তোলে। ফলে পরিবারটি একের পর এক ভীতিকর ঘটনার মধ্যে পড়ে।
কানাডার ফ্যান্টাসিয়া উৎসবে পরিচালক হাদ্রা দায়েং রাতু এই সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন।
