হেমসওয়ার্থ কাজ করতে চান ‘আরআরআর' অভিনেতাদের সাথে
হেমসওয়ার্থের মতে, ‘আরআরআর'’ অবিশ্বাস্য; রাম চরণ ও জুনিয়র এনটিআর বিস্ময় জাগানীয়া অভিনেতা।
তেলেগু সিনেমা ‘আরআরআর’দেখে মুগ্ধ হয়ে রাম চরণ ও জুনিয়র এনটিআরের সাথে কাজ করার আগ্রহ জন্মেছে ‘থর’ তারকা ক্রিস হেমসওয়ার্থের।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, হলিউডের এই অভিনেতা রাম চরণ ও জুনিয়র এনটিআরের সাথে কাজ করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবেন।
সম্প্রতি ‘এক্সট্রাকশন ২’-এর প্রচারণার জন্য ভারতে যান হেমসওয়ার্থ। সেখানে ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অভিনেতা রণদীপ হুদার পরে অন্যান্য ভারতীয় অভিনেতাদের সঙ্গে কাজ করার প্রতি আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও ‘আরআরআর’ অভিনেতাদের সঙ্গে একই সিনেমায় কাজ করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবেন বলেও জানান।
“ ‘আরআরআর’ অবিশ্বাস্য; রাম চরণ ও জুনিয়র এনটিআর বিস্ময়কর অভিনেতা। তাদের সাথে কাজ করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব।”
‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ এ ‘গড অফ থান্ডার’ হিসেবে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন হেমসওয়ার্থ। এছাড়াও বিশ্বব্যাপী বিপুল সাড়া জাগানো নেটফ্লিক্স সিনেমা ‘এক্সট্র্যাকশন’ এ নাম ভূমিকায় অভিনয় করেছিলেন এ অভিনেতা।
‘এক্সট্র্যাকশন’-এর বেশ কিছু দৃশ্য ভারতের শুট করা হয়েছিল। এই সিনেমার হাত ধরেই হলিউডে আত্নপ্রকাশ করেছিলেন রণদীপ হুদা।
আগামী ১৬ জুন মুক্তি পাবে এক্সট্র্যাকশন এর দ্বিতীয় সিক্যুয়েল।
