১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এ কী জানলেন ক্রিস হেমসওয়ার্থ!

আলঝেইমারস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ‘থর’ তারকা।

এ কী জানলেন ক্রিস হেমসওয়ার্থ!

ক্রিস হেমসওয়ার্থ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2022, 01:17 AM

Updated : 21 Nov 2022, 01:17 AM

‘থর’ তারকা ক্রিস হেমসওয়ার্থ করিয়েছিলেন সাধারণ স্বাস্থ্য পরীক্ষা; তাতে জানতে পারলেন, আলঝেইমারস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে তার।

সিএনএন জানিয়েছে, নতুন ডকুসিরিজ ‘লিমিটলেস’র শুটিংয়ের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হলে নিজের শরীরে এমন জিনের উপস্থিতির কথা জানতে পারেন ৩৯ বয়সী এই হলিউড তারকা, যা তার জন্য আলঝেইমারসের ঝুঁকি তৈরি করবে।

ডিজনি প্লাস ও ন্যাশনাল জিওগ্রাফিকের জন্য তৈরি এই সিরিজের একটি পর্বে আয়ু বাড়ানো এবং বার্ধক্যের বিরুদ্ধে লড়াইয়ের উপায় খুঁজতে গিয়ে নিজের শরীরে এপিওই৪ জিনের জোড়া অনুলিপি আবিষ্কার করেন হেমসওয়ার্থ।

এপিওই৪ জিনটি আলঝেইমারস রোগের বড় ঝুঁকির নির্দেশক। হেমসওয়ার্থ তার বাবা ও মা দু’তরফেই এই জিন পেয়েছেন বলে তার এই রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা বেশি।

বৃহস্পতিবার ভ্যানিটি ফেয়ারের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “শুটিংয়ে তার রক্তের অনেকগুলো পরীক্ষা করা হয়। পরিকল্পনা অনুযায়ী ক্যামেরার সামনেই সমস্ত ফলাফল জানিয়ে সেটি থেকে উত্তরণের উপায় বলবার কথা ছিল। কিন্তু সিরিজটির ডাক্তার পিটার আত্তিয়া আমাকে ডেকে বললেন, ‘আমি ক্যামেরায় এটা বলতে চাই না, বিষয়টা নিয়ে আমাদের একটু আলাদা কথা বলা উচিৎ’।”

হেমসওয়ার্থ বলেন, বিষয়টি আবিষ্কার করার পর তার বিবেচনায় অনুষ্ঠানটি আরও বেশি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এমনকি যতটা ভেবেছিলেন তিনি তার চেয়েও বেশি মর্মস্পর্শী।

“আমি ঠিক কী করব বুঝতে পারছিলাম না। আমার কি আতঙ্কিত হওয়া উচিৎ? এটা কি উদ্বেগজনক?”

লিমিটলেসে এই অভিনেতাকে দীর্ঘ এবং উন্নত জীবনের জন্য বিভিন্ন স্টান্ট এবং উপায় খুঁজে বের করতে দেখা গেছে। শেষ পর্বে তিনি মৃত্যুর সঙ্গেও লড়াইও করেছেন। হেমসওয়ার্থ বলেন, “এটা আমার প্রিয় পর্ব ছিল। তবে অদ্ভুতভাবে পর্বটি করার সময় মৃত্যুর মুখোমুখি হতে হয় আমাকে। হে ঈশ্বর, আমি এখনও মৃত্যুর জন্য প্রস্তুত নই।”

হেমসওয়ার্থ বেশ কিছু দিন কাজ থেকে বিরতি নিয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটতে চান। তার স্ত্রী অভিনেত্রী এলসা পাটাকি, তাদের তিনটি সন্তান রয়েছে।

‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এ ‘গড অফ থান্ডার’ হিসেবে হাজির অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন হেমসওয়ার্থ। আগামী বছর ‘এক্সট্র্যাকশন ২’ এ আরেকটি সিক্যুয়েলে অভিনয় করতে দেখা যাবে।