২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুর ছড়াল ছায়ানটের ব্যতিক্রমী আয়োজন

ছায়ানট মিলনায়তনে সঙ্গীতবিদ্যায়তনের কার্যক্রম ‘সুরের জাদু রঙের জাদু’র এ আয়োজনে কয়েকটি ঘণ্টা কেটে গেছে গান, আবৃত্তিতে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2025, 03:43 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

সুরের তালে কেউ মাথা দুলিয়ে তাল ঠুকছিলেন, কেউ আবার পা নাচিয়ে নাচিয়ে গাইলেন রবি ঠাকুরের ‘সকাতরে ওই কাঁদিছে সকলে’ ও ‘আগুনের পরশমণি’। 

এই পরিবেশনা এই শহরের কিছু চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের। 

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে সঙ্গীতবিদ্যায়তনের কার্যক্রম ‘সুরের জাদু রঙের জাদু’র আয়োজনে কয়েকটি ঘণ্টা কেটে গেছে গান, আবৃত্তিতে।

এছাড়া অনুষ্ঠানে প্রদর্শিত হয় শিশু-কিশোরদের আঁকা ছবিও। 

অনুষ্ঠানে স্বাগত কথনে ছায়ানটের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়ন্ত রায় বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গীত, সাহিত্য, কবিতা এবং রঙ তুলি দিয়ে জীবন রাঙাতে ২০০৮ সালে ছায়ানটের এই কার্যক্রমের সূচনা।

“তখন থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিনোদনের পাশাপাশি মানসিক বিকাশ সাধনে কার্যক্রমটি বিশেষ ভূমিকা রেখে চলেছে। আমাদের জানামতে এদেশে এ ধরণের কার্যক্রম বিরল।”

‘সুরের জাদু রঙের জাদু’ নিয়ে জয়ন্ত রায় বলেন, “আমাদের সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অবহেলিত তো বটেই, কেউ কেউ এদের বোঝা মনে করেন। অবহেলা থেকে শিশুদের মধ্যে জন্ম নেয় নিঃসঙ্গতা, পরিবারে জন্ম নেয় হতাশা। সুরের জাদু রঙের জাদু, সুর আর রঙের আগুনে এদের প্রাণে স্বর্ণকমল ফোটাবার আকাঙ্ক্ষায় ব্রতী।

“সুযোগ পেলে এ শিশুরা যে কত কিছু করতে পারে তা আমরা এই আয়োজনে দেখছি। তাদের আঁকা ছবি দেখে আমরা মুগ্ধ হয়েছি। আশা করবো বিকশিত শিশুরা তাদের পরিবারে, সমাজে আঁধার রাতে তারা হয়ে জ্বলবে।”

সুরের জাদু রঙের জাদু কার্যক্রমের সমন্বয়ক লিডি হক বলেন, “আমি নিজেও অটিস্টিক সন্তানের মা। আমরা সব সময় শিশুদের আগ্রহকে প্রাধান্য দেই। মূলত বাচ্চাদের আনন্দ দেওয়াটাই আমাদের উদ্দেশ্য।”

পরে সমবেত কণ্ঠে পরিবেশন হয় ‘সকাতরে ওই কাঁদিছে সকলে’, ‘আগুনের পরশমণি’ এবং ‘সুরের জাদু রঙের জাদু’ গান।

অনুষ্ঠানে একক কণ্ঠে ‘পুরোনো সেই দিনের কথা’ গেয়ে শোনান মারজান, ‘বুলবুল পাখি ময়না টিয়ে’ গেয়ে শোনান রেজওয়ানা। আসিফ গেয়ে শোনান ‘আমাদের দেশটা স্বপ্ন পরী’। 

তিখন গেয়ে শোনায় ‘মানুষ মানুষের জন্য’। আজিমুশ্বান গেয়ে শোনান ‘গ্রীষ্ম, বর্ষা শরৎ হেমন্ত’।

কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি পুরোটা  মুখস্ত শুনিয়ে দর্শকদের ‘তাক লাগিয়ে দেন’ নেহাল। এ সময় করতালিতে নেহালকে শুভেচ্ছা জানিয়েছেন উপস্থিত সবাই।

রাইদ গেয়েছেন ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ গানটি; রাফসান গেয়েছেন ‘হেরা হতে হেলে দুলে’।

পরে সমবেত কণ্ঠে পরিবেশন করা হয় ‘ধন ধান্য পুষ্পভরা’ এবং ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গান দুটি।

এছাড়াও গান শোনান দুর্জয়, জারিফ। পাশিপাশি তিনজন অভিভাবক গেয়ে শোনান ‘মোর ভাবনারে কি হাওয়ায়’।

অনুষ্ঠানে দেখানো হয় প্রামান্যচিত্র ‘আমাদের গল্প’। এরপর আদিল গেয়ে শোনান ‘মোমের পুতুল’, ‘নোঙর তোলো তোলো’ শোনান অরিত্র।

অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তিতে আরো অংশ নেন প্রীতম, ফাতিন, রাকিন, নাফিস, পৌলমী, মাইসা, মারজুক, নেহাল, আনিকা ও আজান।

সবশেষে সমবেত কণ্ঠে ‘আমরা করবো জয়’ এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।