Published : 18 Jul 2026, 09:04 PM
বলিউডি তারকা আমির খানের তৃতীয় বিয়েতে স্বজন ও সিনেমা ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের সঙ্গে তার আগের সংসারের সন্তানরা উপস্থিত থাকলেও, ছিলেন না সাবেক দুই স্ত্রী।
অভিনেতার ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মীদের চোখও কেবল খুঁজে ফিরেছে, গেল ৫ জুলাই বিয়ের ওই ঘরোয়া আয়োজনে অভিনেতার প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও ছিলেন কী না।
কারণ বছরখানেক আগে আমির ও রীনার মেয়ের ইরা খানের বিয়ের অনুষ্ঠানের প্রতিটি পর্বে কিরণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে।
পারিবারিক অনুষ্ঠানের বাইরেও আমিরের সঙ্গে তার সাবেক স্ত্রীদের বিভিন্ন আয়োজনে পাওয়া যায় স্বাভাবিক ছন্দেই।
তবে গৌরী স্প্র্যাটের সঙ্গে আমিরের বিয়েতে কেন রীনা ও কিরণ ছিলেন না সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু এবং ‘লগন’ সিনেমার সহ-অভিনেতা আমিন হাজী।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে একই সঙ্গে তিনি জানিয়েছেন বিয়ের অন্দরমহলের কিছু কথাও।
আমিন বলেন, বিয়ের সময়ে কিরণ দেশে ছিলেন না।
কোথায় ছিলেন জানতে চাইলে আমিন বলেন, “কিরণ তখন ইংল্যান্ডে, আজাদ (আমির-কিরণের পুত্র) অবশ্য বিয়ের জন্য ফিরে এসেছিল।”
রিনার অনুপস্থিতি নিয়েও আমিন স্পষ্ট করে বলেন, “কিছু ক্ষেত্রে কারও অনুপস্থিতি খুবই স্বাভাবিক। কাউকে নিজের মত থাকতে দেওয়াও ভালোবাসা এবং সম্মানেরই প্রকাশ। এমন বিশেষ দিনে কাউকে অস্বস্তিতে ফেলতে কেউ চায় না।”
তার দাবি, বিচ্ছেদের পরেও রিনা ও কিরণের সঙ্গে আমিরের সম্পর্ক অত্যন্ত আন্তরিক।
আমিন বলেন, “তাদের তিনজনের (আমির-রিনা-কিরণ) সম্পর্ক এখনও খুবই ভালো। তারা একসঙ্গে নানা ধরনের কাজও করে।”
রিনার বাবার মৃত্যুর সময়ের একটি ঘটনার কথাও তুলে ধরেন আমিন।
তিনি বলেন, “রিনার বাবা মারা যাওয়ার পর আমির আমাকে এবং করিমকে সাহায্য করতে বলেছিল। তখন রিনা দেশের বাইরে ছিলেন। শেষকৃত্য পর্যন্ত আমির নিজে সেখানেই ছিল।”
বিয়ের অনুষ্ঠান নিয়েও কথা বলেছেন আমিন।
তিনি বলেন, পুরো অনুষ্ঠান ছিল একেবারেই ঘরোয়া। কোনও প্রচলিত বিয়ের আয়োজন, সঙ্গীত বা আলাদা অনুষ্ঠান রাখা হয়নি।
“আমরা যারা ছিলাম সেদিন, সবাই একসঙ্গে বসে গল্প করেছি, হেসেছি, সময় কাটিয়েছি। সেটাই ছিল উদযাপন।”

ওই বিয়ের অনুষ্ঠান চলে দুদিন ধরে। আগের দিন ৪ জুলাইয়ের সন্ধ্যায় দুই পরিবারের সদস্যদের পরস্পরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
আমিনের কথায়, “বিয়ের আগের দিন সবাই একসঙ্গে মিলিত হয়েছিলাম। বন্ধুদের সাধারণ আড্ডা যেমন হয়। আমির নিজের সবচেয়ে কাছের বন্ধুদের ডেকেছিল। গৌরীর পরিবারও ছিল। সবাই অত্যন্ত আন্তরিক।”
গৌরীর পরিবারেরও প্রশংসা করেছেন তিনি।
“গৌরীর বাবা মোটরবাইক চালাতে খুব ভালবাসেন। তার সঙ্গে অনেক গল্প করেছি। পরিবারটি অত্যন্ত প্রতিষ্ঠিত, কিন্তু কোনো অহংকার নেই। তারা আমিরকে খুব ভালোবাসেন এবং তাকে নিয়ে গর্বিতও।”
গেল ৫ জুলাই মুম্বাইয়ের নিজের বাড়িতে গৌরী স্প্র্যাটকে আইনি মতে বিয়ে করেন আমির খান। গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা বলেন আমির।
ওই ঘরোয়া অনুষ্ঠানে ছিলেন আমিরের সন্তান জুনাইদ খান, ইরা খান, জামাতা নূপুর শিখরে, পরিচালক আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানি, মুকেশ আম্বানি, রাজ ঠাকরে, ইরফান পাঠান, বীর দাস, এলি আব্রামসহ চলচ্চিত্র ও বিভিন্ন অঙ্গনের ঘনিষ্ঠজনেরা।
আর গৌরীর পক্ষ থেকে তার সাত বছরের ছেলে, বাবা রবার্ট বব স্প্র্যাট, ভাই, বোন তাদের সন্তানেরাসহ আরও কয়েকজন ছিলেন।
আমিরের আগের দুই সংসার টিকল কতদিন
আমির তার ছেলেবেলার বন্ধু রীনা দত্তকে বিয়ে করেন ১৯৮৬ সালে। তাদের দুই সন্তান জুনায়েদ খান ও ইরা খান। জুনায়েদ ইতোমধ্যে চলচ্চিত্র জগতে কাজ করছেন। আর ইরা কাজ করছেন মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে।
১৬ বছর সংসারের পর ২০০২ সালে রীনার সঙ্গে আমিরের বিচ্ছেদ হয়।
এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০০১ সালে ‘লগান’ চলচ্চিত্রের শুটিং সেটে তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। কিরণ সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন।
আমির খানের দ্বিতীয় সংসার জীবনও টেকে ১৬ বছর। ২০২১ সালে কিরণের সঙ্গে তার বিচ্ছেদ হয়। যদিও তারা যৌথভাবে ছেলে আজাদ খানের দেখভাল করছেন।
আমিরের স্ত্রী গৌরীর প্রথম স্বামী কে ছিলেন
গৌরীতে যে কারণে 'শান্তি পেয়েছেন আমির'
গৌরীর সঙ্গে ঘর বাঁধলেন আমির খান
প্রবল বৃষ্টির মধ্যেই আমিরের বিয়ের প্রস্তুতি
‘আমিরের বিবাহিত জীবন পারফেক্ট না হওয়া পর্যন্ত…’, সালমানের যে মন্তব্য ভাইরাল