১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অস্কারজয়ী বারদেম কেফিয়াহ পরে এমিতে, বললেন ‘ফিলিস্তিন স্বাধীন হোক’

“যাতে এই গণহত্যা বন্ধ হয় সে কারণে আমরা ইসরায়েলের ওপর বাণিজ্যিক ও কূটনৈতিক অবরোধ এবং নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাচ্ছি।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2025, 07:51 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

এমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় এসেছেন অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ার বারদেম। 

ভ্যারাইটি লিখেছে, ফিলিস্তিনের সমর্থনে কেফিয়াহ (আরবের স্কার্ফ) পরে এবারের এমি অ্যাওয়ার্ডসের লাল গালিচায় হাজির হন এই অভিনেতা। 

সে সময় তিনি 'ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’ এর পাশে থাকার ঘোষণা দেন।

লাল গালিচায় দাঁড়িয়ে বারদেম বলেন, “গাজায় চলমান গণহত্যার নিন্দা জানাতে আমি এখানে এসেছি। আন্তর্জাতিক গণহত্যা গবেষক সমিতির (আইএজিএস) কথা বলছি। যারা এই গণহত্যা নিয়ে নিবিড়ভাবে গবেষণা করছে, তারা এটাকে ‘গণহত্যা’ ঘোষণা করেছেন।

“এই গণহত্যা যাতে বন্ধ হয়, সেজন্য আমরা ইসরায়েলের ওপর বাণিজ্যিক ও কূটনৈতিক অবরোধ এবং নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাচ্ছি।”

এ সময় ‘ফিলিস্তিন স্বাধীন হোক’ বলেও আওয়াজ তোলেন বারদেম। 

এমি অ্যাওয়ার্ডসের আগের সপ্তাহে ‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’ এর উদ্যোগে এক খোলা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন ৩ হাজার ৯০০ জন চলচ্চিত্রকর্মী। 

অঙ্গীকারনামায় বলা হয়, ইসরায়েলি কোম্পানি বা চলচ্চিত্র কোম্পানির সঙ্গে তারা কাজ করবেন না।

এর প্রতিক্রিয়ায় প্যারামাউন্ট স্টুডিও একটি বিবৃতি দিয়ে ইসরায়েলি চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিরুদ্ধে যে কোনো বয়কটের নিন্দা জানায়। 

প্যারামাউন্ট বলে, “গল্প বলার শক্তি মানুষের মধ্যে যোগসূত্র তৈরি করে, অনুপ্রেরণা জাগায়, পারস্পরিক বোঝাপড়া বাড়ায় বলে আমরা বিশ্বাস করি।”

সে প্রসঙ্গে বারদেম বলেন, “'ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’ নামে একটি সংগঠন আছে। প্যারামাউন্টের চিঠির বিষয়ে আমি স্পষ্ট করে বলতে চাই, এই সংগঠনটি পরিচয়ের ভিত্তিতে কাউকে লক্ষ্যবস্তু করে না। এই সংগঠন সেইসব চলচ্চিত্র কোম্পানি ও প্রতিষ্ঠানকে নিয়ে কথা বলে, যারা গণহত্যা ও বর্ণবাদী শাসনকে সমর্থন বা ন্যায্যতা দেয়।

“আমরা সবসময়ই নিপীড়িত মানুষের পাশে আছি এবং যারা তাদের সহায়তা করছে তাদেরও সমর্থন করি।”