Published : 09 Oct 2024, 04:54 PM
সম্প্রতি একটি উপলব্ধি হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনির। তার মনে হয়েছে শিশু এবং পোষ্য উভয়ই কোমলমতি, তাই শিশুদের কাছ থেকে পোষ্যদের দূরে ঠেলে দেওয়া ঠিক নয়।
কোন ঘটনা থেকে এই উপলব্ধি হয়েছে তা নায়িকা জানিয়েছেন ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করে।
ভিডিওর দীর্ঘ ক্যাপশন থেকে জানা গেছে, পরীমনির বাড়িতে একটি পোষ্য আছে, নাম পুটু। গত ১০ বছর ধরে পুটুকে তিনি সঙ্গে রেখেছেন। কিন্তু ছেলে পদ্মের জন্মের পর পুটুর সঙ্গে দূরত্ব তৈরি হয় পরীমনির, এর দায়ও তিনি চাপিয়েছেন নিজের ওপরে।

পরীমনি লিখেছেন, “একটা ভুল করেছি আমি। আমার ছেলে হবার আগে ও সবসময় আমার সাথে ঘেষে থাকতো। আমার কোলের মধ্যে ঘুমাত। ছেলে আসার পর থেকে পুটু কে সাথে নিয়ে ঘুমাই না। তখন থেকে ওর আলাদা বিছানা হয়ে গেল। প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল মানিয়ে নিতে। তারপর আস্তে আস্তে একটা সময় মানিয়ে গেল। তখন থেকেই আমাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেল।
পদ্ম হওয়ার পর পরীমনির ভয় ছিল, যদি ছেলেকে কুকর কামড়ে দেয় সেজন্য পোষ্যকে কাছে ঘেষতে দিতেন না।
“ইদানীং হঠাৎই আমি খেয়াল করলাম ছেলেও পুটুর সাথে দূর দূর করতে থাকে। পুটুকে দেখলেই বলে ‘এই পুটু যাও যাও’। আমি বুঝতে পারলাম এটা আমারই ভুল। বাচ্চা যা দেখবে তাই তো শিখবে ! এরপর আমি লেগে পড়লাম ওদের সুন্দর একটা বন্ধুত্ব তৈরি করবার। ছেলের সামনে পুটুকে খাওয়ানো, গোসল করানো, আদর করা, কথা বলা, একসাথে ছেলেকে নিয়ে খেলা,আস্তে আস্তে ছেলে অনেকটা স্বাভাবিক আচরণ করা শুরু করল পুটুর সাথে। আমার ভালো লাগলো”, লিখেছেন পরীমনি।

তবে এত চেষ্টার পরেও পুটু ও পদ্মর সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে মনে করেন এই অভিনেত্রী।
“ছেলে সব খেলনা ছেড়ে এখন যখন খুব করে পুটুর সাথে থাকতে চায়, পুটুর সাথেই খেলতে চায় তখন দেখলাম পুটুর ভয়টা এখনো কাটে নি! আমি চেষ্টা করছি, হয়ত ওর ভয় কাটিয়ে উঠবে।“
সন্তানের কাছ থেকে বাড়ির পোষ্যদের কেউ যেন দূরে ঠেলে না দেয়ে সেই আকুতি জানিয়ে পরীমনি বলেন, “আমার মতন এই ভুল কেউ করবেন না আশাকরি। প্রাণি আর বাচ্চারা দুটোই ভীষণ কোমলমতি প্রাণ। বুঝতে দেরি হয়ে গেল আমার।“