Published : 02 Nov 2023, 08:29 PM
অবশেষে প্রতীক্ষার অবসান। ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে প্রকাশ্যে এসেছে ‘ডাঙ্কি’ সিনেমার প্রথম ঝলক।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’র ১ মিনিট ৪৭ সেকেন্ডের টিজার প্রকাশ পায়।
চলতি বছরে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমাতেই অ্যাকশন অবতারে বড় পর্দায় হাজির হয়েছিলেন বাদশা। তবে এই সিনেমায় নতুন অবতারে ধরা দিলেন নায়ক।
টিজার দেখেই বোঝা যাচ্ছে, ‘ডাঙ্কি’ পুরোপুরি কমেডি নির্ভর সিনেমা হতে চলেছে। সিনেমায় পাঞ্জাবের তরুণ প্রজন্মের মধ্যে উন্নত জীবনের আশায় লন্ডনে যাওয়ার প্রবণতাকে তুলে ধরা হয়েছে।
টিজারে হার্ডি নামের শাখরুখের চরিত্রকেও লন্ডনে যাওয়ার জন্য মরিয়া অবস্থায় পাওয়া গেছে। বাদশার সঙ্গে এই সফরে রয়েছেন তাপসী পন্নু, ভিকি কৌশল। বিশেষ চরিত্রে রয়েছেন বোমান ইরানি।
টিজারটি এক্স হ্যান্ডেলে শেয়ার করে বাদশা লিখেছেন, ‘‘কয়েক জন সাধারণ মানুষের জীবনের স্বপ্নপূরণের গল্প। বন্ধুত্ব, ভালবাসা, একতার মোড়কে এমন এক সম্পর্ক, যার নাম বাড়ি।’’
এদিকে গুঞ্জন রয়েছে, ডিসেম্বরে নয়, ডাঙ্কি মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে।
হিন্দুস্তান টাইমস বলেছে, ‘ডাঙ্কি’র বেশ কিছু পোস্ট প্রোডাকশন কাজ বাকি থাকায় মুক্তি পিছিয়ে যেতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে আগের তারিখেই মুক্তি পাবে ‘ডাঙ্কি’।
যদিও এ নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা দেননি শাহরুখ কিংবা পরিচালক রাজকুমার হিরানি।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে, শাহরুখ-গৌরির প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অনেক লোক নিয়োগ করা হচ্ছে। তাই ‘ডাঙ্কি’ সঠিক সময়েই মুক্তি পাবে বলে শাহরুখ ভক্তরা মনে করছেন।
পুরানো খবর:
পিছিয়ে যাচ্ছে ‘ডাঙ্কি’র মুক্তি