২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের সিনেমায় সুরাজ

বলিউডে সুরাজ পাঞ্চোলির অভিষেক ঘটাতে প্রস্তুত সালমান খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 12:07 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

বলিউডি অভিনেতা আদিত্য পাঞ্চোলির পুত্র সুরাজ পাঞ্চোলিকে নিয়ে ‘হিরো’ সিনেমার রিমেক করবেন সালমান খান। এদিকে প্রয়াত অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কর্তৃক আটক হওয়ার পর তিন সপ্তাহ কারাগারে কাটিয়ে অবশেষে বাড়ি ফিরেছেন সুরাজ পাঞ্চোলি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

এর আগেও অভিনেতা সালমান খান জানিয়েছিলেন সুরাজকে নিয়ে তিনি সুভাষ ঘাইয়ের ১৯৮৩ সালের সুপারহিট সিনেমা ‘হিরো’ রিমেক করবেন। কিন্তু সুরাজ আটক হওয়ার পর অনেকেই ভেবেছিলেন বলিউডে হয়তো আর অভিষেক হচ্ছে না সুরাজের।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, সুরাজ বাড়ি ফেরার পর ৩ জুলাই সকালে সালমান খানের অফিস থেকে ফোন করে সুরাজকে হায়দ্রাবাদে যাওয়ার জন্য বলা হয়। কারণ হায়দ্রাবাদে সালমান তার নতুন সিনেমা ‘মেন্টাল’-এর শুটিং করছেন।

বর্তমানে সালমানের সঙ্গে হায়দ্রাবাদে অবস্থান করছেন সুরাজ। জানা গেছে, শুটিং শেষে তারা ফিরবেন ১১ জুলাই।

‘হিরো’ সিনেমাটির রিমেকের কাজ শুরু হবে এ বছরের শেষ দিকে। সিনেমায় সুরাজের সঙ্গে প্রথমবারের মতো বলিউডে পা রাখবেন অভিনেতা সুনীল শেঠীর কন্যা আথিয়া।