সুপারহিরো রণবীর
আয়ান মুখার্জির সিনেমায় সুপারহিরো রণবীর কাপুর।
‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ এর পর পরিচালক আয়ান মুখার্জির পরবর্তী সিনেমায় সুপারহিরোর চরিত্রে অভিনয় করবেন বলিউডি অভিনেতা রণবীর কাপুর। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
বলিউডে সুপারহিরোর তালিকায় হৃত্বিক রোশন এবং শাহরুখ খানের পর এবার নাম লেখাবেন রণবীর কাপুর। ‘ওয়েক আপ সিড’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’-এর ব্যাপক সাফল্যের পর রণবীরের ঘনিষ্ঠ বন্ধু পরিচালক আয়ান মুখার্জি রণবীরকে নিয়ে এবার নির্মাণ করবেন একটি সুপারহিরো মুভি।
সিনেমাটির নাম এখনও ঠিক না হলেও জানা গেছে, ‘কৃষ’ এবং ‘রা ওয়ান’-এর মতো এই সিনেমায় স্পেশাল ইফেক্টের জন্য প্রচুর খরচ করবেন আয়ান।
বর্তমানে স্পেনের বার্সেলোনায় ছুটি কাটাতে ব্যস্ত আয়ান সিনেমার জন্য একটি চিত্রনাট্য লিখছেন। ছুটি কাটানো শেষে রণবীরের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, রণবীর আয়ানের উপর অনেক বিশ্বাস রাখেন। তারা দুজন একসঙ্গে এর আগে ভালো কাজ করেছেন। এবারের সিনেমাটি হবে আরও অনেক বড় বাজেটের।
সিনেমাটিতে শুধুমাত্র স্পেশাল ইফেক্ট আর মারদাঙ্গা দৃশ্যই থাকবে না, এর প্রধান উদ্দেশ্য হবে রণবীরের ভক্তের সংখ্যা বাড়ানো এবং সেইসঙ্গে শিশুদের বিনোদন দেওয়া।
