ইমরানের অনুপ্রেরণা জ্যাকি, অনিল
অনিল কাপুর এবং জ্যাকি শ্রফের স্টাইল থেকে অনুপ্রাণিত ইমরান খানের সাজসজ্জা।
বলিউডি সিনেমা ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা’-তে গ্যাংস্টারের চরিত্রে অভিনয়ের সময় সাজসজ্জার ব্যাপারে আশির দশকের অভিনেতা অনিল কাপুর এবং জ্যাকি শ্রফের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন ইমরান খান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
৩০ বছর বয়সী অভিনেতা ইমরান বলেন, “আশির দশকের অভিনেতাদের ধাঁচেই সাজাতে চেয়েছি আমি ওই চরিত্রটি। ওই সময়কার অভিনেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জ্যাকি শ্রফ এবং অনিল কাপুর। ওই সময় স্টাইল আইকন হিসেবে তাদেরই ধরা হত। বিশেষ করে আমার চুলের স্টাইল এবং গোঁফের ক্ষেত্রে আমি তাদেরই অনুকরণ করেছি।”
যখন সময়নির্ভর কোনো চলচ্চিত্র নির্মাণ করতে হয় তখন সে সময়ের সঙ্গে মিলিয়ে অভিনেতার স্টাইল বেছে নেওয়া জরুরি হয়ে ওঠে বলেই মনে করেন ইমরান। তিনি বলেন, “দর্শকদের কাছে সিনেমাটি যে একটি নির্দিষ্ট সময়কে ফুটিয়ে তুলছে, তা মনে রাখা জরুরি। এ ক্ষেত্রে প্রতিটি বিষয়ের দিকে নজর রাখা উচিত, এমনকি অভিনেতাদের লুক-এর ব্যাপারেও।”
২০১০ সালের ‘ওয়ান্স আপন এ টাইমস ইন মুম্বাই’ সিনেমার সিকুয়াল ওই সিনেমাটি পরিচালনা করেছেন মিলান লুথরিয়া। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং সোনাক্ষী সিনহা। সিনেমাটি ১৫ আগস্ট মুক্তি পাবে।
