বিস্কুট খেয়ে শুটিং!
‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার একটি দৃশ্য শুটিংয়ের সময় শুধু বিস্কুট খেয়ে কাজ করেছেন শাহরুখ খান, দিপীকা পাড়ুকোন এবং রোহিত শেট্টি।
‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় ট্রেন যাত্রার একটি গুরুত্বপূর্ণ দৃশ্য শুটিংয়ের সময় শুধুমাত্র বিস্কুট খেয়ে টিকে থাকতে হয়েছিল বলিউডি অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী দিপীকা পাড়ুকোন এবং সিনেমাটির পরিচালক রোহিত শেট্টিকে। খবর এশিয়ান নিউজ সার্ভিসের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, তাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তবে কাজ শেষ করে খাবার সময় দেখা গেল পুরো খাবারই নষ্ট হয়ে গেছে। রাঁধুনিকে প্রায় ২০০ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করতে হয়েছিল। তাই রাত ২টা থেকে রান্নার আয়োজন করা হয়। আর তাই ১০ ঘণ্টা পর খাবার সময় দেখা গেল পুরো খাবারই নষ্ট হয়ে গেছে।
রোহিত শেট্টি এ বিষয়ে বলেন, “শাহরুখের উদ্যোগে আমরা অনেক ধরনের বিস্কুট কিনে আনি। আর সবাই এক সপ্তাহ তা খেয়েই কাজ করেছে। তবে কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।”
