২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিং শুরু করছেন প্রিয়াংকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 02:08 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

বাবার মৃত্যুশোক বুকে করেই শুটিং শুরু করতে যাচ্ছেন প্রিয়াংকা চোপড়া। ১০ জুন বাবাকে হারানোর পর ১৬ জুন বিশ্ব বাবা দিবসে বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া টুইটারে পোস্ট করেন, “বাবার ছোট্ট মেয়ে, তারই থাকবে সবসময়।”

ওই বলিউডি অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনের প্রভাব কর্মক্ষেত্রে পড়তে দেননি। আর তাই বাবা হারানোর কষ্টকে চেপে রেখেই তিনি শুরু করছেন মেরি কোমের জীবনীভিত্তিক সিনেমাটির শুটিং। খবর মুম্বাই মিররের।

পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে ১৭ জুন থেকে সিনেমার শুটিং শুরু করবেন প্রিয়াংকা। তিন সপ্তাহ পর সিনেমাটির পরবর্তী শিডিউল অনুসারে মানালি যাবেন তিনি। প্রিয়াংকার ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রিয়াংকার বাবার সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক ছিল। তিনি সবসময়ই তার মেয়েকে সফল দেখতে চাইতেন। আর এ বিষয়টিই প্রিয়াংকাকে কাজ করতে উৎসাহ জুগিয়ে আসছে।

ওমাং কুমার পরিচালিত মেরি কোমের জীবনীভিত্তিক সিনেমাতেই বাবার মৃত্যুর পর প্রথম শুটিং করতে যাচ্ছেন প্রিয়াংকা। ৪ জুন থেকে সব কাজ বাতিল করে বাবার পাশেই ছিলেন তিনি।

প্রযোজক সঞ্জয় লীলা বনসালী প্রিয়াংকাকে আরও কিছু সময় নিতে বললেও তিনি কাজ শুরু করার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই সিনেমাটির প্রস্তুতির অংশ হিসেবে অলিম্পিক প্রশিক্ষক ডা. ক্রিস্টি হালবার্টের সঙ্গে অনুশীলন সম্পন্ন করেছেন তিনি।

প্রিয়াংকার বাবা অশোক চোপড়া ১৯৯৭ সালে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। ১০ জুন ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান তিনি।