শাহরুখের সঙ্গে পার্টিতে আরবাজ
ভাইয়ের চিরপ্রতিদ্বন্দ্বী শাহরুখের সঙ্গে এক পার্টিতে দেখা গেছে আরবাজ খানকে। শাহরুখ আর সালমান এই দুই বলিউডি খানের প্রতিদ্বন্দ্বিতার খবর অজানা নয় কারোই। তবে সালমান ভ্রাতা আরবাজ খানের উপর সেই রেশারেশির প্রভাব নেই বলেই মনে হয়। সম্প্রতি রিতেশ সিদ্ধওয়ানির বাড়িতে নাকি একসঙ্গে পার্টিতে বন্ধুসুলভ আচরণ করতে দেখা গেছে শাহরুখ ও আরবাজকে। খবর জি নিউজ ব্যুরোর।
গোপন সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘ফাকরি’ সিনেমাটির এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন ফারহান আখতার এবং রিতেশ সিদ্ধওয়ানি। আমন্ত্রিতদের তালিকায় নাম থাকলেও নতুন সিনেমা ‘মেন্টাল’-এর শুটিং নিয়ে ব্যস্ততার কারণে হাজির হতে পারেননি সালমান। সালমানের জায়গায় প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন আরবাজ।
আর প্রদর্শনীর পুরো সময়টা জুড়ে নাকি বেশ বন্ধু সুলভ আচরণই করেছেন শাহরুখ আর আরবাজ। প্রদর্শনীর শেষে রিতেশের বাড়িতে পার্টিতেও নাকি এক সঙ্গে হাজির ছিলেন শাহরুখ ও আরবাজ।
মাধ্যমটি আরো জানিয়েছে, আর শাহরুখের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে এমনটা নাকি অনেক আগে বলেছিলেন আরবাজ খান।
