আবার কারিনা-অভিষেক
একযুগ পর পর্দায় জুটি হয়ে অভিনয় করতে পারেন কারিনা কাপুর ও অভিষেক বচ্চন। ২০০৩ সালে কারিশমা কাপুর ও অভিষেক বচ্চনের বাগদান ভেঙে যাবার পর বচ্চন পরিবার আর কাপুর পরিবারের মধ্যকার সম্পর্কটা যে অনেকটাই তেতো হয়ে গিয়েছিলো, তা পুরনো খবর। ওই একই বছর মুক্তি পাওয়া ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ সিনেমাতেই সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন কারিনা-অভিষেক। তবে এবার বুঝি সেই অতীত ভুলে আবার একসঙ্গে কাজ করতে চলেছেন কারিনা-অভিষেক। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূষণ কুমার প্রযোজিত ‘মেরে আপনে’ সিনেমাতে অভিষেক বচ্চনের অভিনয় নিশ্চিত হলেও তার বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে বেশ দুশ্চিন্তাতেই ছিলেন পরিচালক উমেশ শুকলা। শেষ পর্যন্ত নাকি কারিনার কাছেই সিনেমাটির চিত্রনাট্য নিয়ে হাজির হন শুক্লা। আর কারিনাও নাকি অভিষেকের বিপরীতে অভিনয়ের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন। সিনেমাটিতে অভিষেকের বাবার চরিত্রে অভিনয় করবেন ঋষি কাপুর। এর চিত্রায়ন হবে হিমাচল প্রদেশ, সিকিম এবং লন্ডনে।
‘মেরে আপনে’ সিনেমাটিতে অভিষেকের বিপরীতে কারিনার অভিনয় নিশ্চিত হলে আবারও এক যুগ পর এই জুটিকে বড় পর্দায় দেখতে পাবেন দর্শকরা। ‘রিফিউজি’ সিনেমার মধ্য দিয়ে ওই দুই বলিউডি তারকা একই সঙ্গে যাত্রা শুরু করেছিলেন।
