২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিশার চ্যালেঞ্জ

নতুন সিনেমা ‘শর্টকাট রোমিওতে খল চরিত্রে আমিশা প্যাটেলের অভিনয় বেশ চ্যালেঞ্জিং ছিল বলে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে জানিয়েছেন এই বলিউডি অভিনেত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 01:32 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

‘শর্টকাট রোমিও’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২১ জুন। ‘শর্টকাট রোমিও’-এ তার চরিত্রটি নিয়ে আমিশা বলেন, “খল চরিত্রে অভিনয় করা সবসময়ই চ্যালেঞ্জের ব্যাপার। যেমন ধরুন বাজিগার এবং ডর সিনেমা দুটিতে শাহরুখ খানের চরিত্র। প্রথা ভেঙে যে কোনো কিছু করাই চ্যালেঞ্জের ব্যাপার।”

৩৮ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, “প্রচলিত নারী চরিত্র নয় বরং ধনী, সুন্দরী কিন্তু নেতিবাচক চরিত্রে অভিনয় করা সত্যিই কঠিন কাজ। সংলাপ, অভিনয়, চোখের ভাষা সব মিলিয়ে দৈহিক, মানসিক দুদিক থেকেই সিনেমাটি আমার জন্য বেশ কষ্টসাধ্য ছিল। এমন কোনো চরিত্রে এর আগে অভিনয় করিনি আমি।”

এদিকে সিনেমাটির মূল চরিত্রের অভিনেতা নিল নিতিন মুকেশ জানিয়েছেন, পরিচালক সুসি গানেশানের তামিল ছবি ‘থিরুত্তু পায়ালে’র রিমেক ‘শর্টকাট রোমিও’। তবে রিমেক হলেও চরিত্র এবং গল্পে অনেক পার্থক্য রয়েছে। মূল গল্পের অল্প কিছু অংশ রয়েছে সিনেমাটিতে। নিল বলেন, “আমি মনে করি, ‘শর্টকাট রোমিও’ হবে সম্পূর্ণ নতুন এক সিনেমা।”