২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধুরীর সঙ্গে কাজে আগ্রহী রেমো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 03:15 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

বলিউডি কোরিওগ্রাফার এবং পরিচালক রেমো ডি’সুজা সিনিয়র অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এ ক্ষেত্রে রেমো ১৯৫৯ সালের ‘নবরং’ এবং ১৯৫৫ সালের ‘ঝানাক ঝানাক পায়েল বাজে’ সিনেমা দুটি অবলম্বনে সিনেমা নির্মাণে আগ্রহী বলে জানিয়েছেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

রেমো বলেন, “আমি বর্তমানে একটি সিনেমা নিয়ে কাজ করছি। আমি চাই সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে মাধুরী অভিনয় করুন। ‘নবরং’ এবং ‘ঝানাক ঝানাক পায়েল বাজে’ ওই সিনেমা দুটির ধারার মিউজিক্যাল সিনেমা নির্মাণ করতে চাই আমি।”

ভিশান্তারাম নামে পরিচিত পরিচালক শান্তারাম রাজারাম ভাকুন্দারের ১৯৫৯ সালের ‘নবরং’ সিনেমাটি আলোড়ন সৃষ্টি করেছিল। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তারই স্ত্রী সন্ধ্যা। ‘ঝানাক ঝানাক পায়েল বাজে’ সিনেমাটিতে অভিনয় করেছিলেন সন্ধ্যা এবং গোপি কৃষ্ণ।

রেমো একমাত্র মাধুরীকে মাথায় রেখেই তার সিনেমার চিত্রনাট্য রচনা করছেন। আর আশা করছেন মাধুরী সিনেমাটির কাহিনি পছন্দ করবেন। রেমো এবং মাধুরী গত তিন সিজন ধরে রিয়ালিটি ডান্স শো ‘ঝলক দিখলাজা’-এর বিচারক হিসেবে রয়েছেন।