আদালতে সুরাজ পাঞ্চোলি
বলিউডি অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত সাবেক প্রেমিক সুরাজ পাঞ্চোলিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হচ্ছে। ৩ জুন মুম্বাইয়ের জুহুতে নিজ অ্যাপার্টমেন্টে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন বলিউডি অভিনেত্রী জিয়া খান। এরপর তার লিখে যাওয়া ৬ পৃষ্ঠার একটি চিঠির সূত্র ধরে গ্রেপ্তার করা হয় তার প্রেমিক সুরাজ পাঞ্চোলিকে। আর সেই মামলাতেই বৃহস্পতিবার আদালতে পেশ করা হচ্ছে সুরাজকে। খবর জি মিডিয়া ব্যুরোর।
জিয়ার মৃত্যুর পর তার মা পুলিশের কাছে অভিযোগ করেন, সুরাজ জিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এমনকি জোরপূর্বক তার গর্ভপাতও করায় সুরাজ। একসঙ্গেই থাকতেন সুরাজ ও জিয়া। সেই সূত্রে জিয়া গর্ভবতী হলে সুরাজ জোরপূর্বক তার গর্ভপাত করায়। পিল খাওয়ানোর ফলে তার গর্ভপাত হয়েছে বলে একটি মেডিকেল রিপোর্ট জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
সুরাজ তাকে ধর্ষণ করেছে চিঠিতে এমন অভিযোগও করেছেন জিয়া। ২২ বছর বয়সী সুরাজকে ১৩ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। এরপর তাকে আদালতে পাঠাতে হবে।
