সালমান-আনুশকা জুটি!
সুরাজ ভারজাতিয়ার পরবর্তী সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করতে পারেন আনুশকা শর্মা।
চলচ্চিত্র নির্মাতা সুরাজ ভারজাতিয়া পরবর্তী সিনেমার জন্য এরই মধ্যে বলিউডি অভিনেতা সালমান খানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য অভিনেত্রী আনুশকা শর্মাকে বেছে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন নির্মাতারা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সংবাদমাধ্যমটিকে নির্মাতাদের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বেশ কয়েকজন অভিনেত্রীর নাম নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছে, তবে এর মধ্যে আনুশকা শর্মাই পছন্দের শীর্ষে রয়েছেন। সিনেমাটির কাজ শুরু হবে ২০১৪ নাগাদ। সালমানের বিপরীতে আনুশকা বা সোনাক্ষি সিনহাকে বেছে নিতে আগ্রহী নির্মাতারা।
রাজশ্রী প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির শুটিং হবে রাজস্থান এবং গুজরাটে। ২০১৫ সালের দিওয়ালিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।
এর আগে সুরাজ পরিচালিত ব্লকবাস্টার হিট সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’ এবং ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমায় কাজ করেছেন সালমান খান।
