২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নামাস্তে লন্ডন’ সিক্যুয়েলে অক্ষয়

নামাস্তে লন্ডন’-এর সিক্যুয়াল তৈরি করবেন অক্ষয় কুমার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 12:29 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

বলিউডি অভিনেতা অক্ষয় কুমার তার ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নামাস্তে লন্ডন’-এর সিক্যুয়াল তৈরি করবেন বলে জানিয়েছেন। খবর জি মিডিয়া ব্যুরোর।

ভারতের এক প্রভাবশালী দৈনিককে সম্প্রতি ‘নামাস্তে লন্ডন’ সিনেমাটির পরিচালক বিপুল শাহ বলেন, “থ্রিলারধর্মী সিনেমা ‘আঁখে’ এবং ফ্যামিলি ড্রামা ‘ওয়াক্ত’ নির্মাণের পর ‘নামাস্তে লন্ডন’ ছিল আমার তৈরি প্রথম প্রেমের সিনেমা। ভারতে একজন পরিচালকের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হল একটি সফল প্রেমের সিনেমা তৈরি করা, আমি সেই পরীক্ষায় পাশ করেছি।”

বিপুল শাহের দুই সহযোগী চিত্রনাট্যকার দুবছর ধরে একটি নতুন গল্পের উপর কাজ করছিলেন। আর সম্প্রতি বিপুল শাহের জন্মদিনে অক্ষয় নতুন সিনেমাটিতে কাজ করার জন্য রাজি হয়েছেন।

তবে ‘নামাস্তে লন্ডন টু’-তে পূর্ববর্তী সিনেমার কাহিনির ধারাবাহিকতা বজায় থাকবে না বলে জানা গেছে। খবর অনুযায়ী নতুন সিনেমাটি হবে একটি ত্রিভুজ প্রেমের কাহিনি, যেখানে থাকবেন দুজন নায়িকা এবং একজন নায়ক।

এ বিষয়ে বিপুল শাহ আরও বলেন, “সিনেমাটির মূলকথা এবং লোকেশন আগের মতোই থাকবে। আমরা আগের সিনেমাটির মতো লন্ডন, পাঞ্জাব এবং মুম্বাইতে শুটিং করব। তবে বাড়তি আকর্ষণ হিসেবে কিছু অংশ জার্মানি এবং সুইজারল্যান্ডে শুটিং করা হবে। সিক্যুয়ালটি বড় বাজেটের হবে, যেন আমরা দর্শকদের ধরে রাখতে পারি। সব মিলিয়ে কাজটি অনেক চ্যালেঞ্জিং।”