২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলখা সিংয়ের ছদ্মবেশ চাননি ফারহান

ভাগ মিলখা ভাগ’ সিনেমায় মিলখা সিংকে অনুকরণ করার চেষ্টা করেননি ফারহান আক্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 03:20 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

রাকেশ ওমপ্রকাশ মেহেরা পরিচালিত মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’-এ ভারতীয় দৌড়বিদ মিলখা সিংয়ের চরিত্রে রূপদানকারী বলিউডি অভিনেতা ফারহান আক্তার জানান, মিলখাকে অনুকরণের চেষ্টা করেননি তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটিকে এক সাক্ষাৎকারে ফারহান বলেন, “এমন একটি ভূমিকায় অভিনয় করতে গেলে চরিত্রটিকে নিখুঁতভাবে ব্যাখ্যা করা জরুরি হয়ে ওঠে। তবে তাকে অনুকরণ করা চলে না। নিজের মতো করেই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে হয়।”

এ সিনেমায় অভিনয় করার আগে ফারহান ‘দি ফ্লাইং সিং’-খ্যাত ওই ক্রীড়াবিদের সঙ্গে দেখা করেন।

তিনি বলেন, “আমি তার সঙ্গে কয়েকবার দেখা করেছি। তখন তার মুখ থেকেই তার জীবনের কিছু কথা জানতে পারি আমি। তবে আমি তাকে কোনো প্রশ্ন করিনি। কেউ যখন নিজের জীবন নিয়ে কথা বলেন তখন তার চোখ কখন জলে ভিজে যাচ্ছে, কখন হাসছে তা লক্ষ করা যায়। আর ওই বিষয়গুলোই অভিনয়ের সময় কাজে আসে।”

ফারহান আরও বলেন, “এমন একটি চরিত্রে কাজ করা অনেক বড় একটি দায়িত্ব গ্রহণের সমান। তবে এটি আমার জন্য কঠিন ছিল না সহজ, তা বলা যাবে না। কারণ মন থেকে কোনো কিছু চাইলে সেটি আর কঠিন বলে মনে হয় না।”

সিনেমাটিতে অভিনয়ের পর ৩৭ বছর বয়সী ফারহান দাবি করেন, মিলখা সিং অবশ্যই সিনেমাটি দেখবেন এবং গর্ববোধ করবেন। চলতি বছরের ১২ জুলাই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।