ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ নিয়ে খুশি দীপিকা
প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’: দীপিকা পাড়ুকোন।
বলিউডি পরিচালক আয়ান মুখার্জির ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ৬২ কোটি ১১ লাখ রুপি। সিনেমাটির প্রধান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বলেছেন, এর সাফল্য তাদের সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
দীপিকা বলেন, “এযুগের মানুষ যে কোনো সিনেমার বক্স অফিস সাফল্যকে বিশেষভাবে গুরুত্ব দেয়। আমরা সিনেমাটির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ আয় আশা করেছিলাম কিন্তু এর সাফল্য আমাদের কল্পনাকেও ছাড়িয়ে গেছে।”
দীপিকা আরও জানান, সিনেমাটি সমালোচকদের কাছেও গ্রহণযোগ্যতা পাওয়ায় বিশেষভাবে আনন্দিত তিনি। তিনি বলেন,“আরও আনন্দের ব্যাপার হল মোটা অংকের আয়ের পাশাপাশি সিনেমাটি সমালোচকদের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছে। সবাই তার সিনেমার জন্য এরকমই আশা করে। সবাই চায় তার সিনেমা ভাল আয় করুক এবং সেইসঙ্গে সমালোচকদেরও সমর্থন পাক।”
সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে আবারও কাজ করার পরিকল্পনা সম্পর্কে দীপিকাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,“আমরা অবশ্যই আবার একসঙ্গে কাজ করার কথা ভাবছি। এটা জেনে আমরা খুবই আনন্দিত যে দর্শক আমাদের পর্দায় একসঙ্গে দেখতে পছন্দ করে এবং আমি খুব শিগগিরি তার সঙ্গে কাজ করব।”
