সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সম্মেলন ৯ সেপ্টেম্বর
সম্মেলনকে সফল করার জন্য মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ৪৯ সদস্যের কমিটি হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের অষ্টম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।
ওই দিন সকাল ১০টায় ঢাকার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার জোটের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সম্মেলনকে সফল করার জন্য জোটের নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদকে আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহকে সদস্য সচিব করে ৪৯ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনকে সফল করার জন্য বেশ কয়েকটি উপকমিটিও গঠন করা হয়েছে। জোটের বর্তমান সভাপতি গোলাম কুদ্দুছ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, মফিদুল হক, নাসির উদ্দীন ইউসুফসহ খ্যাতিমান সংস্কৃতিজনরা রয়েছেন এসব উপকমিটিতে।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদেশে সংস্কৃতির জাগরণ প্রয়োজন। এর জন্য দেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলন বেগবান করার জন্য জোটের কমিটি পুনঃগঠন করা হবে এই সম্মেলনের মাধ্যমে।”
