১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

শাহরুখ শুটিংয়ে ‘আহত’, সত্যি নাকি গুজব

নায়ক যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন এই খবর সত্যি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 10:37 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

মুম্বাইয়ে ‘কিং’ সিনেমার শুটিং করতে গিয়ে বলিউডি তারকা শাহরুখ খান ‘আহত হয়েছেন’ বলে যে খবরে আসে একদিন আগে, তা পুরোপুরি ‘গুজব’ বলে নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া।

মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে শাহরুখ চোট পেয়েছেন এমন খবর ছড়ালে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তকূল। 

আরো শোনা যায়, চিকিৎসার জন্য শাহরুখকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে এবং চিকিৎসক নাকি তাকে এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এর ফলে কিং সিনেমার শুটিং শিডিউল অনেকটাও পিছিয়ে গেছে।

তবে ভিন্ন তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভির প্রতিবেদন। এই দুই সংবাদমাধ্যম বলছে শাহরুখের ‘আহত হওয়ার’ যে খবর ছড়িয়েছে, ‘তা সত্যি নয়, পুরোপুরি মিথ্যা’।

তবে নায়ক যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন এই খবর সত্যি। সেখানে তিনি চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে গিয়েছেন তার চিকিৎসার ‘ফলোআপ’ করাতে। 

কারণ বিভিন্ন সময়ে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন এই নায়ক। তাই চিকিৎসা ও ফলোআপের জন্য শাহরুখ মাঝে মধ্যেই যুক্তরাষ্ট্রে যান। শাহরুখের এবারের যুক্তরাষ্ট্র সফর তার নিয়মিত চিকিৎসার একটি অংশ।

এর আগেও শাহরুখের অসুস্থতা নিয়ে গুজব একাধিকবার গুজব ছড়িয়েছে। 

শাহরুখের বর্তমান ব্যস্ততা চলছে ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে। 

কদিন আগে খবর আসে বলিউডের আলোচিত  ‘ডন ৩’ সিনেমায় ক্যামিও চরিত্রে ফিরতে চলেছেন খান শাহরুখ। তবে সেটি কোনো সাদামাটা ক্যামিও চরিত্র হবে না। শাহরুখের জন্য ‘গ্র্যান্ড ক্যামিও’র পরিকল্পনা করেছেন পরিচালক ফারহান আখতার।