অর্জুনকে সঙ্গী করে মালাইকার ‘ছাঁইয়া ছাঁইয়া’
একটি বিয়ের অনুষ্ঠানে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে অর্জুন-মালাইকাকে দেহে ছন্দ তুলতে দেখা গেল।
দুই যুগ আগে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গান তুমুল ঝড় তুলেছিল বলিউডে, সেই গানের সঙ্গে নেচে চেনা মুখ হয়ে উঠেছিলেন মালাইকা অরোরা।
বহু দিন গড়িয়েছে, অনেক কিছু বদলে গেছে মালাইকার জীবনে; এই বদলে নতুন জীবনসঙ্গীকে নিয়ে পুরনো গান ফিরিয়ে আনলেন তিনি।
শুক্রবার ফ্যাশন ডিজাইনার কুনাল রাওয়াল আর অর্পিতা মিত্রের বিয়ের অনুষ্ঠান মালাইকা ‘ছাঁইয়া ছাঁইয়া’ নাচে জমিয়ে তোলেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘দিল সে’ সিনেমায় এই গানে মালাইকার সঙ্গে নেচেছিলেন শাহরুখ খান। তবে বিয়ের অনুষ্ঠানে নাচেন অর্জন কাপুর।
ঘরোয়া আয়োজনের এই বিয়েতে অর্জুন-মালাইকা ছাড়াও রাকুল প্রিত সিংয়ের মতো বলিউড তারকাও ছিলেন।
সেই অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায় ছাঁইয়া ছাঁইয়া গানে অর্জুন-মালাইকাকে দেহে ছন্দ তুলতে।
বলিউড তারকা সালমান খানের ভাই আরবাজ খানের স্ত্রী ছিলেন মালাইকা। সেই সম্পর্কে চুকেবুকে এখন বনি কাপুরের ছেলে অর্জুনের সঙ্গে লিভ-ইনে রয়েছেন তিনি।
