‘গোলাম মুস্তাফা আবৃত্তি পদক’ পেলেন জয়দুল হোসেন ও রফিকুল ইসলাম
একই অনুষ্ঠানে চারজন প্রতিশ্রুতিশীল তরুণ আবৃত্তিশিল্পীকে দেওয়া হয়েছে ২০২২ ও ২০২৩ সালের জন্য ‘বৃষ্টি-দোলা স্মৃতি পদক’।
সাংগঠনিক আবৃত্তি চর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ জয়দুল হোসেন ও রফিকুল ইসলামকে ‘গোলাম মুস্তাফা আবৃত্তি পদক ২০২৪’ দিয়েছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।
একই অনুষ্ঠানে চারজন প্রতিশ্রুতিশীল তরুণ আবৃত্তিশিল্পীকে দেওয়া হয়েছে ২০২২ ও ২০২৩ সালের জন্য ‘বৃষ্টি-দোলা স্মৃতি পদক’।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা শিলনায়তনে একুশের প্রথম প্রহর উদযাপন এবং ‘গোলাম মুস্তাফা আবৃত্তি পদক’ ও ‘বৃষ্টি-দোলা স্মৃতি পদক’ দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ বলেন, “গোলাম মুস্তাফা আবৃত্তি পদকের মধ্য দিয়ে আমরা এমন গুণিজনদের সম্মান জানাই, যারা দীর্ঘদিন সাংগঠনিক আবৃত্তিচর্চার বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছেন।
“আর বৃষ্টি-দোলা স্মৃতি পদক দেওয়া হয় মূলত তরুণ প্রতিশ্রুতিশীলদের, যারা আমাদের সামনে সম্ভাবনার দ্বার। এই পদক প্রদানের মধ্য দিয়ে আমরা গুণিজনদের সম্মান জানিয়ে নিজেরাও সম্মানিত হই।”
এরপর পদকপ্রাপ্তদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করে পদক তুলে দেন বাংলাদেশের আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর।
সম্মানীর চেক তুলে দেন একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা।
‘গোলাম মুস্তাফা আবৃত্তি পদক’ তুলে দেয়ার পরপরই ‘বৃষ্টি-দোলা তরুণ আবৃত্তিশিল্পী পদক’ ২০২২-২০২৩ প্রাপ্তদের হাতে পদক তুলে দেন অতিথিরা।
পদক গ্রহণ করেন পূজয়িতা দত্ত, পঙ্কজ পান্ডে, অনামিকা গাইন এবং পারমিতা রায়।
অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, “তৃণমূলে আমাদের শিশুদের নিয়ে কাজ করাটা এখন জরুরি। প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে লড়াই করে, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে আমরা অগ্রসর হই।”
পদক বিতরণের পর বিভিন্ন সংগঠন দলীয় আবৃত্তি পরিবেশন করে।
