২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডে ঈদ: শাহরুখের বাড়িতে সালমানের বিরিয়ানি

ঈদের চাঁদ আকাশে উঠতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে শুরু করেন মুম্বাই সিনেপাড়ার বাসিন্দারা। ঈদ মোবারক জানিয়েছেন আলিয়া ভাট থেকে শুরু করে শাহিদ কাপুর পর্যন্ত। সেই সঙ্গে বিশেষ করে চোখে পড়েছে তিন খানের মধ্যে সৌহার্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 10:04 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

চাঁদ রাতের একদিন আগে ‘রাইস’-এর টিজার প্রকাশ করার পর ভক্তদের উদ্দেশ্যে টুইটারে একটি ভিডিও মেসেজ পোস্ট করেন শাহরুখ খান। ১৩ সেকেন্ডের সেই ভিডিওতে সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করেন তিনি।

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বন্ধু আমির খানকে ঈদে বিশেষ উপহার দিয়েছেন সালমান খান। ঈদের দিন সন্ধ্যায় আমির এবং তার পরিবারের জন্য ‘বাজরাঙ্গি ভাইজান’- এর বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছেন তিনি।

ঈদের দিন সকালে নিজের বাড়িতে আমির গণমাধ্যমকে বলেন, "সালমান নিজে আমাকে মেসেজ দিয়ে জানিয়েছেন আজকের বিশেষ প্রদর্শনীর কথা। যেতে তো হবেই।"

‘বাজরাঙ্গি ভাইজান’ মুক্তির ঠিক একদিন আগেই আমির টুইট করেছিলেন, সিনেমাটি দেখার খুব ইচ্ছা তার। বন্ধুর এই ইচ্ছা পূরণ করেছেন সালমান।

শুধু এক বন্ধুকে ঈদ উপহার দিয়েই ক্ষান্ত হননি 'দাবাং' খান। বিশেষ এই দিনে তিনি টুইটারের মাধ্যমে নেমে পড়েছেন শাহরুখের ফিল্ম ‘রাইস’- এর প্রচারের কাজে।

তিনি লেখেন, "রাইস......শিগগিরই আসছে। আপাতত টিজার দেখেই সবাই মন ভরাও।"

সালমানের টুইট দেখে আবার শাহরুখ লেখেন, "সালমান খান, এখন বুলগেরিয়াতে আছি, তাই আসতে পারছি না। আমার বাড়িতে বিরিয়ানি পাঠিয়ে দে, বাচ্চাদের জন্য! ঈদ মোবারক, তোর পরিবারের জন্য ভালোবাসা রইলো।"

ঈদের শুভক্ষণে নিজেদের মধ্যেকার বন্ধুত্ব আরও একবার ভক্তদের দেখিয়েছেন তিন খান।