বলিউডি সিনেমায় যৌনতা: নাদিরা থেকে সানি লিওনি
হিন্দি সিনেমার সূচনালগ্ন থেকেই এখানে চিত্রায়িত হয়েছে মানব-মানবীর প্রেম এবং অবধারিত ভাবেই প্রেমের অনুষঙ্গ হিসেবে এসেছে যৌনতা। এই যৌনতা কখনও প্রদর্শিত হয়েছে গান ও নৃত্যের মাধ্যমে আবার কখনও শয্যাদৃশ্যের মাধ্যমে। কখনো নায়িকা, কখনও খলনায়িকা আবার কখনও পার্শ্ব-চরিত্রের শিল্পীরা পর্দায় যৌনতার প্রতীক হয়ে এসেছেন।
হিন্দি ছবিতে ত্রিশের ও চল্লিশের দশকে সাধারণত খলনায়িকারা হতেন যৌন আবেদনময়ী। দেবিকা রানি, নিম্মি, সুরাইয়ার মতো নায়িকারা যখন পর্দায় নিষ্পাপ প্রেমের অবতার হয়ে এসেছেন সে সময় নাদিরার মতো খলনায়িকারা হয়েছেন সেক্স সিম্বল।
‘নিচা নগর’ ছবিতে নায়িকা হিসেবে বাণিজ্যিক সাফল্য পান কামিনী কৌশল। পর্দায় সুঅভিনয়ের জন্য যেমন তার খ্যাতি ছিল তেমনি যৌন আবেদনের জন্যও দর্শকপ্রিয়তা পেয়েছিলেন। যদিও সাদাত হোসেন মান্টো তার ‘গাঞ্জে ফারিশতে’ বইতে উল্লেখ করেছেন যে, বাস্তবে কামিনী কৌশলের দেহ সৌষ্ঠব খুব একটা আকর্ষণীয় ছিল না।
ষাট ও সত্তরের দশকের প্রথম দিকে বলিউডের সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রী ও নৃত্যশিল্পী ছিলেন হেলেন। মধুবালা ও বৈজয়ন্তিমালার দাপুটে উপস্থিতি সত্ত্বেও একথা অনস্বীকার্য। ‘চলতি কা নাম গাড়ি’ ছবিতে বৃষ্টিস্নাত মধুবালার সৌন্দর্য এবং ‘সংগম’ ছিবিতে বৈজয়ন্তিমালার শরীরি আবেদন যতই থাক সে সময় যৌনতার প্রতীক হয়ে উঠেছিলেন হেলেন। ‘হাওড়া ব্রিজ’ ছবিতে ‘মেরা নাম চিনচিন চু’ গানের সঙ্গে হেলেন যখন ক্যাবারে নাচে পর্দা কাঁপালেন তখন থেকেই হিন্দি ছবিতে তিনি যৌনতার প্রতীক হয়ে ওঠেন। হেলেন নায়িকা নন। ভ্যাম্প বা খলনায়িকা কিংবা ক্যাবারে শিল্পীরূপেই তার পর্দায় বিচরণ। সত্তরের দশকে ‘ক্যারাভান’ ছবিতে ‘পিয়া তু আব তো আজা’ গানের সঙ্গে হেলেনের ক্যাবারে নৃত্য অসাধারণ। ‘শোলে’ ছবিতে ‘মেহবুবা
সত্তরের দশকে পর্দায় হেলেনের পাশাপাশি যৌনতার প্রতীক হযে ওঠেন বিন্দু, অরুণা ইরানি, বিনার মতো অভিনেত্রীরা। তবে এদের সবাইকে পিছনে ফেলে নতুন চমক নিয়ে আসেন জিনাত আমান। জিনাত আমানের আগে নায়িকারা ছিলেন মূলত ‘নিষ্পাপ ভালোবাসা’র প্রতীক। কিন্তু সতী-স্বাধ্বী ও নিষ্পাপ ইমেজ ঝেড়ে খোলামেলা পোশাকে পর্দা কাঁপান জিনাত আমান। সেসময় থেকেই চলচ্চিত্রে যৌনতার রূপও পাল্টে যেতে থাকে।
আশির দশকে যৌনতার বহিঃপ্রকাশ স্থূলভাবে ঘটতে শুরু করে। সে সময় প্রায় প্রতিটি ছবিতে একটি বা একাধিক ধর্ষণদৃশ্যের মাধ্যমে দর্শককে বিকৃত যৌনতার সুড়সুড়ি দেওয়া হতো। ‘ইনসাফ কা তারাজু’ ছবিতে জিনাত আমান ও পদ্মিনী কোলাপুরী হন ধর্ষণের শিকার। সত্তর দশকের শেষে ও আশির দশকে শ্রীদেবী ও রেখা পরিশীলিত যৌনতার আমেজ নিয়ে আসেন।‘সিলসিলা’ ছবিতে অমিতাভ বচ্চন ও রেখার অন্তরঙ্গ দৃশ্যে যৌনতা ছিল দারুণ পরিশীলিত। আবার ‘কাভি কাভি’ ছবিতে রাখি ও শশীকাপুরের বাসর দৃশ্যের রূপায়নও ছিল এই সঙ্গে যৌন আবেদন ও বেদনায় বিধুর। অন্যদিকে আশির দশকেই নাগ-নাগিনির ও ভৌতিক ছবিতে চলে স্থূল যৌনতার চর্চা। ভৌতিক ছবিগুলো সেসময় কুখ্যাত ছিল খোলামেলা পোশাক ও উত্তেজক দৃশ্যের জন্য। আর সাপের ছবিতে মূলত থাকতো আবেদনময় নাচ।
আবেদনময়ী নায়িকা হিসেবে সেসময় বিখ্যাত হন পারভীন ববি, মন্দাকিনী ও কিমি কাতকার। ‘রাম তেরি গঙ্গা মাইলি’ ছবিতে সাদা শাড়িতে ঝরনার নিচে দাঁড়িয়ে শরীর দৃশ্যমান করে আলোচিত হন মন্দাকিনী। আর ‘টারজান’ ছবিতে স্বল্প পোশাকে বিচরণ করে খ্যাতি পান কিমি কাতকর। ‘হাম’ ছবিতে অমিতাভের বিপরীতে ‘জুম্মা চুম্মা দে দে’ নাচের সঙ্গে কিমি ছিলেন দুর্দান্ত। ‘অন্দর বাহার’ ছবিতে বিকিনি পরে আলোচনায় আসেন মুনমুন সেন। তিনি খোলামেলা দৃশ্যে অভিনয় করে সে সময় যৌনতার প্রতীক হয়ে উঠতে চাইলেও ব্যর্থ হন দারুণভাবে| সে সময় বরং যৌনতার প্রতীক হয়ে ওঠেন সিল্ক স্মিতা। এই দক্ষিণী অভিনেত্রী মূলত তামিল ছবিতে অভিনয় করলেও হিন্দি ছবিতেও তার দাপট কম ছিল না।‘সিদ্ধার্থ’ ছবিতে সিমি গারেওয়াল প্রাচীন ভারতীয় খোলামেলা পোশাকে আবির্ভুত হন। অন্যদিকে প্রাচীন সংস্কৃত নাটক মৃচ্ছকটিক অবলম্বনে নির্মিত ‘উৎসব’ ছবিতে খোলামেলা পোশাকে রেখা হয়ে ওঠেন অপরূপা। পৌরুষদীপ্ত দেহের কারণে আশির দশকে হেমন্ত, বিনোদ খান্না এবং নব্বইয়ের দশকে সঞ্জয় দত্ত এবং পরবর্তীতে সালমান খান আলোচনায় আসেন।
পরবর্তিতে ‘রঙিলা’ কিংবা 'দৌড়'-এর মতো সিনেমায় ঊর্মিলা ছিলেন অনন্য। মমতা কুলকার্নি, পূজা বেদী, অনু আগারওয়াল যৌন আবেদনময়ী নায়িকার খেতাব পেলেও মাধুরী দিক্ষিতের নৃত্যের আবেদনকে অতিক্রম করতে পারেননি। নব্বইয়ের দশকে আরেক ধরনের চলচ্চিত্র যৌনতাকে পূজি করে গড়ে ওঠে।‘কামসূত্র’ ছিল প্রাপ্ত বয়স্কদের ছবি। সে ছবিতে প্রাচীন ভারতের পটভূমিতে মূলত যৌনতাই চিত্রিত হয়েছে।‘ব্যানডিট কুইন’ও ছিল প্রাপ্ত বয়স্কদের ছবি | ফুলন দেবীর জীবনের উপর ভিত্তি করে নির্মিত ছবিটিতে যৌনতার অপ্রয়োজনীয় দৃশ্যায়ন ছিল বললে ভুল বলা হয় না। পূর্বজন্ম ও থ্রিলারধর্মী ‘মনসুন’ও প্রাপ্তবয়স্কদের ছবি।
নতুন শতকে আইটেম গান নাম দিয়ে যৌনতা প্রদর্শনের নতুন ধারা শুরু হয়। আইটেম গান মানেই যৌনতার প্রদর্শনী। প্রতিটি ছবিতেই কোনো না কোনো আইটেম গান থাকতেই হবে ছবির বাণিজ্যিক সাফল্যের স্বার্থে।‘ইশক কমিনা’, ‘মুন্নি বদনাম হুয়ি’, শিলা কি জাওয়ানি’, ‘রাম চাহে লিলা’সহ অসংখ্য আইটেম গান বলিউডি সিনেমায় যৌনতাকে ধারণের পাত্র হয়ে দাড়িয়েছে ।
‘জিসম টু’, 'হেইট স্টোরি', ‘রাগিনি এমএমএস টু’র মতো ছবির মাধ্যমে শুরু হয়েছে বলিউডে ইরটিক থ্রিলারের নতুন ধারা। সাবেক ইন্দো-কানাডিয়ান পর্ন তারকা সানি লিওনির ইমেজকে পুঁজি করে কিছু ছবি ব্যবসা সফল হয়েছে বললে খুব একটা ভুল বলা হবে না। বলিউডের নতুন সেক্স সিম্বল এখন তাই সানি লিওনি। তবে শুধু যৌনতাকে পুঁজি করে তিনি কতদূর সফল হবেন তা সময়ই বলে দেবে।
