২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যাদের ঈদ কর্মব্যস্ততায় মোড়ানো

ঈদ মানে আনন্দ, উচ্ছ্বাস, উদযাপনের ঘনঘটা। তবে অন্যের আনন্দের বার্তাবাহী হওয়াই শিল্পীর কর্তব্য। আর সে কর্তব্য পালনে পিছপা নন এ প্রজন্মের সংগীতশিল্পীরা। তবে ঈদ উদযাপনেও তারা কম যান না।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 10:19 AM

Updated : 12 Oct 2022, 04:02 PM

দিলশাদ নাহার কনা

কনা জানালেন, একনাগাড়ে শুটিং করে ২৮ রোজার পর কাজ থেকে একেবারেই গুটিয়ে নিচ্ছেন নিজেকে। এরপর থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত নিজের মতো করে সময় কাটাবেন।

“আমি সবসময় বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের নিয়ে আনন্দে মেতে থাকি। ঈদে তার মাত্রা আরও বাড়ে। এ সময়টায় আড্ডা দিই, ঘুরে বেড়াই। যে কারণে লাইভ শো খুব কম করি।”

এবারের ঈদে মাত্র একবারই টিভির পর্দায় সরাসরি গাইতে দেখা যাবে কনাকে। তবে অন্তত ১০টি অনুষ্ঠানে আড্ডার পাশাপাশি গানও গাইবেন।

এ অনুষ্ঠানগুলোর জন্য শুটিংয়ের বেশ ব্যস্ততা ছিলো। এর মধ্যেই ঈদের জন্য কেনাকাটাও করেছেন। নিজের জন্য রেখেছেন চারটি পোশাক। মা-বাবা, বোন, পরিবারের অন্য সদস্যরা ছাড়াও বন্ধুদের জন্যও কেনাকাটা করেছেন।

হৃদয় খান

হৃদয় খান জানালেন, ঈদের সব পরিকল্পনা পেশাগত ব্যস্ততার আবরণে ‍ঢাকা পড়েছে। ঈদের দিন থেকে দুটি স্টুডিও লাইভ এবং আরও কিছু শো করছেন। কিছু দিন আগে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, পরে যাবেন লন্ডনে। দেশেও আছে টিভি শো, কনসার্ট, মিউজিক ভিডিওর শুটিং ইত্যাদি। আরও আছে জ্যামিং, প্র্যাকটিস। সবকিছুর পর যেটুকু সময় থাকে পরিবারের সঙ্গে কাটাবেন।

সোমনুর মনির কোনাল

বেশিরভাগ সময় টিভির পর্দায় দেখা যায় কোনালকে। বাকি সময়ের অধিকাংশটুকুই পর্দার সামনে আসার কাজেই ব্যয় হয়। তাই আলাদা করে ঈদ নিয়ে কোনো পরিকল্পনা নেই। উল্টো বললেন, “ঈদের সময় এতো কাজ করি, আর কিছুই করার ইচ্ছে থাকে না।”

এবারের ঈদে একাধিক টিভি চ্যানেলে সরাসরি এবং রেকর্ডকৃত অনুষ্ঠানে দেখা যাবে তাকে। এর মধ্যে টিভি অনুষ্ঠান পরিচালক হিসেবেও অভিষেক হচ্ছে কোনালের। ‘সেরা কণ্ঠ’ আয়োজক চ্যানেল আইয়ের জন্য সংগীতশিল্পীদের নিয়ে অনুষ্ঠানটি উপস্থাপনাও করছেন তিনি।

মিনার রহমান

সংগীতশিল্পী মিনারের তৃতীয় একক বেরিয়েছে সম্প্রতি, নাম ‘আহারে’। অ্যালবাম প্রকাশের ছয় মাস আগেই ইউটিউবে প্রকাশিত টাইটেল ট্র্যাকটি শ্রোতার মন জিতে নিয়েছে। তাই বোধহয় অ্যালবাম প্রকাশের পর থেকে দম ফেলার সময় পাচ্ছেন না। ঈদ নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে বলেন, ঈদের আগের দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে স্টুডিও লাইভ শো আছে।

অবশ্য মন খারাপ করেননি, বরং স্বাচ্ছন্দ্য খুঁজে নিতে মাকে পাঠিয়েছেন গ্রামের বাড়িতে। আর ঢাকায় তিনি থাকছেন বন্ধু-আত্মীয়দের মাঝে।

জানাতে ভোলেননি, “প্রতিটি শোই হবে রাতে, তাই দিনের পুরোটা থাকবো বন্ধু-স্বজনদের সঙ্গে।”